দুই পক্ষের সংঘর্ষকালে গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিপলু মিয়া (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন আইন উদ্দিন (২৮) ও জীবন মিয়া (২৫) নামের আরও দুই ব্যক্তি। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কৈলাক গ্রামে বিদেশি সহায়তায় পরিচালিত আনন্দ বিদ্যালয়ের সুপারভাইজার সুশীল চন্দ্র সূত্রধর ও একই বিদ্যালয়ের শিক্ষক পিংকী বেগমের লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে।পুলিশ ও এলাকাবাসী জানায়, পিংকী আনন্দ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত। একই বিদ্যালয়ের সুপারভাইজার হিসেবে আছেন সুশীল চন্দ্র সূত্রধর। একটি ঘটনার সূত্র ধরে সুশীল চন্দ্র সূত্রধর এক সপ্তাহ আগে বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি ওই দিনই পরিদর্শনের প্রতিবেদন তৈরি করেন। পিংকী বেগম প্রতিবেদনটি দেখতে চান। সুশীল চন্দ্র সূত্রধর বিষয়টি ওই শিক্ষকের কাছে প্রকাশ করতে চাননি। এ ঘটনার সূত্র ধরে ওই দিনই তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। সুপারভাইজারের সঙ্গে মতবিরোধের কথা জেনে পিংকী বেগমের স্বামী কামাল আহমেদ বিদ্যালয়ে আসেন এবং তিনিও বিরোধে জড়িয়ে পড়েন। স্ত্রীর হয়ে কামাল আহমেদ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করেন। শিক্ষককে মারধর করায় আল-আমিন নামের স্থানীয় এক যুবক জোরালো প্রতিবাদ করেন। এতে কামাল ক্ষুব্ধ হয়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। গতকাল ইফতারের পর আল-আমিনকে কৈলাগ গ্রামে পেয়ে কামাল মিয়ার লোকজন মারধর করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কামাল মিয়ার লোকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। একপর্যায়ে কামাল মিয়ার পক্ষের লোকজনের ছোড়া গুলিতে সুশীল চন্দ্র সূত্রধরের পক্ষের শিপলুসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় শিপলুকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।