দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল শুক্রবার বিবদমান এক খণ্ড জমির দখল নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ঘর ভাঙচুর করা হয়েছে এবং উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন।
থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরখাদুলী গ্রামের ছানোয়ার হোসেন ও তাঁর ভগ্নিপতি ডেভিট হোসেনের মধ্যে ৯০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকাল ১০টার দিকে ডেবিট হোসেন লোকজন নিয়ে গোপালপুর খাদুলী মৌজার বিবদমান ওই জমিতে হালচাষ করতে থাকেন। খবর পেয়ে ছানোয়ার হোসেনের লোকজন গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে ছানোয়ার হোসেনের লোকজন পালিয়ে গোপালপুর খাদুলী গ্রামের একটি বাড়িতে অবস্থান নেন। ডেবিট হোসেনের লোকজন আবার সেখানে হামলা চালান এবং বাড়িঘর ভাঙচুর করেন। দুই দফা সংঘর্ষে ছানোয়ার হোসেনসহ (৫৫) উভয় পক্ষের মোট ১৪ জন আহত হন। আহত ব্যক্তিদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছানোয়ার হোসেন দাবি করেন, পৈতৃক সূত্রে পাওয়া তাঁর জমি ডেবিট হোসেন জোর করে দখল করতে চান। এতে বাধা দিতে গেলে ডেবিটের লোকজন তাঁকেসহ তাঁর পক্ষের আটজনকে পিটিয়ে আহত করেন।
ডেবিট হোসেন দাবি করেন, ওই জমিটুকু তাঁর স্ত্রীর অংশ। সেই জমিতে হালচাষ করতে গেলে ছানোয়ার হোসেনের লোকজন মারপিট করে তাঁর পক্ষের ছয়জনকে আহত করেছেন।