দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ২৫ দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে গত বুধবার নছিমন ভাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মফিজ মোল্লা (৪৫) নামের একজন টেঁটাবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। আবার সংঘর্ষের প্রস্তুতি নেওয়ায় গভীর রাতে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে দণ্ডবিধির ১৫১ ধারায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নওশের মোল্লা ও নিজাম শেখ জানান, রকি নামের এক তরুণ বুধবার বেলা ১০টার দিকে রাজপাট বাজারে নছিমন চালক কামরুল ইসলামকে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায় মারধর করেন। কামরুলের বাড়ি রাজপাট ও রকির বাড়ির বড়বাহিরবাগ গ্রামে। ওই দিন বিকেলে রাজপাট গ্রামের কিছু মানুষ বিষয়টি মিটমাট করার উদ্যোগ নেন। কিন্তু রকির পক্ষের লোকজনের খামখেয়ালিপনার কারণে এই উদ্যোগ ভেস্তে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে বড়বাহিরবাগ, দহিসড়া, ধোপাপাড়া ও বড়ইহাটির গ্রামের মানুষ রকির পক্ষে ঢাল-সড়কি নিয়ে রাজপাট বাজারে ও গ্রামে হামলা চালায়। এ সময় বাজারের ২৫টি দোকান ভাঙচুর করা হয়। রাজপাট গ্রামের মানুষ একপর্যায়ে প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। রাত নয়টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় ইটপাটকেল, দা-কাঁচি ও লাঠির আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।