দুই পক্ষের সংঘর্ষে আহত ২ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র সংঘর্ষের জের ধরে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের দুই দল ছাত্রের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজিজুল করিম ও নির্মাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রকিব উদ্দিন প্রতিপক্ষের ছুরির আঘাতে আহত হন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ সূত্র জানায়, বিকেলে বিএসপিআইয়ের শিক্ষক, ১৯ বিজিবির মেজর জিয়াউল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেনসহ কলেজের একাডেমিক কমিটির সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বিএসপিআই বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সব পরীক্ষাও স্থগিত করা হয়। বিএসপিআইয়ের অধ্যক্ষ আবদুল মালেক জানান, ছাত্রদের সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্ররা নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করেছেন বলে জানা গেছে। অটোমোবাইল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুল ইসলাম জানান, কতিপয় ছাত্রের অছাত্রমূলক আচরণের জন্য দেড় হাজার শিক্ষার্থীকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হলো।