দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ওই সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীদের ও সাধারণ যানবাহন এবং সম্মেলনের মঞ্চ নির্বিচারে ভাঙচুর করেছেন। সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।জানা গেছে, উপজেলার মেঘনাঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন। যুবদল ও বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ খবর পেয়ে বেলা দুইটায় প্রথমে সম্মেলনের মঞ্চ ভাঙচুর করেন। পরে বিকেল তিনটায় সম্মেলনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সেতুর কাছে উপজেলা যুবদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সম্মেলনের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের অব্যাহতি পাওয়া সভাপতি মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল হকের গাড়িবহর ও সাধারণ যানবাহন ভাঙচুর শুরু করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দুই পক্ষের সংঘর্ষের সময় যুবদলের কর্মী মাহফুজ, তাহের, জলিল, আমির, সোহেল, আলমগীর, রহমত উল্লাহ, ইমরান, বকুল, কুদরত আলী, রমজান, সালাউদ্দিনসহ ২০ জন আহত হন। সংঘর্ষের এক ঘণ্টা পর বিকেল পাঁচটায় পুলিশের উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। কিছুক্ষণ পর আবারও হইচই শুরু হয়। এ সময় উপস্থিত নেতারা বক্তব্য সংক্ষিপ্ত করে উপজেলা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জিয়াউল হকের নাম ঘোষণা করেন।পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ ব্যাপারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ ও আবদুর রউফ জানান, আহ্বায়ক কমিটির কোনো সদস্যকে না জানিয়ে অবৈধভাবে সম্মেলনের আয়োজন করার কারণেই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর জানান, এ অবৈধ কমিটির সঙ্গে উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই। বিতর্কিত কয়েকজন নেতা অবৈধভাবে সম্মেলনের আয়োজন করেছেন।জেলা যুবদলের অব্যাহতি পাওয়া সভাপতি মামুন মাহমুদ জানান, ‘আমাকে অব্যাহতি দিলেও এখনো কার্যকর হয়নি। উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, কেন্দ্র থেকে সম্মেলন করার কোনো অনুমতি দেওয়া হয়নি, জেলা কমিটি ভেঙে দেওয়ার পর স্বঘোষিত সভাপতি মামুন মাহমুদ এ সম্মেলন করেছেন। তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, যাঁদের যানবাহন ভাঙচুর করা হয়েছে, তাঁরা থানায় অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।