দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে খাল খনন করা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যান ও তাঁর ভাইসহ অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত বামরাইল ইউপির চেয়ারম্যান ইউসুফ হাওলাদার ও তাঁর ভাই স্কুলশিক্ষক হিরণ মাস্টারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি প্রকল্পের আওতায় সম্প্রতি ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন গৌরনদী উপজেলা থেকে উজিরপুরের জয়শ্রী বাজার পর্যন্ত খাল খননকাজ শুরু হয়। প্রকল্পের নকশা অনুযায়ী, বাজারটিতে ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠানের ২০ মিটার দূরে খননকাজ শেষ হওয়ার কথা। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা প্রকল্পের বাইরে আরও ২০০ মিটার খাল খননের উদ্যোগ নেন। এটি বাস্তবায়িত হলে ইউসুফ হাওলাদারের প্রতিষ্ঠানটি অপসারণের প্রয়োজন পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আওয়ামী লীগের সমর্থকেরা প্রকল্পের কাজে ব্যবহৃত খননযন্ত্র দিয়ে অতিরিক্ত স্থানের খনন শুরু করেন। এতে বাধা দেন ইউসুফ হাওলাদার। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ইউপি চেয়ারম্যানের প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ। সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে চেয়ারম্যান ও তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইউসুফ হাওলাদার অভিযোগ করেন, ‘খাল খননের ঘটনাটি আসলে কিছু নয়। মূলত আওয়ামী লীগের সমর্থক সোহরাব হোসেন মল্লিক ও তাঁর দলবল কিছুদিন আগে আমার কাছে তিন লাখ টাকা চাঁদা নিয়েছে। বৃহস্পতিবার তারা ফের ১০ লাখ টাকা দাবি করে। এ টাকা না দেওয়ায় আমার কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে সোহরাব বলেন, জনস্বার্থেই ওই অতিরিক্ত খাল খনন করা হচ্ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যান দলবল নিয়ে এতে বাধা দেন। তখন সংঘর্ষ বাধে।
প্রকল্প কর্মকর্তা স্বাধীন আইচ বলেন, স্থানীয় লোকজনের অনুরোধে অতিরিক্ত খননকাজ গতকাল শুরু করা হলে ইউপি চেয়ারম্যান এ কাজ বন্ধ করতে বলেন। পরে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে খননকাজ বন্ধ হয়ে যায়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খাল খনন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।