দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার সকালে এবং তার আগের দিন বুধবার উপজেলার মানিকদী গ্রামের লতিফ মিয়া ও রিয়াজ মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।নিহত নারীর নাম ফেরদৌসী বেগম (৪২)। এ ঘটনায় পুলিশ গতকাল সকালে মানিকদী গ্রাম থেকে রিয়াজ মিয়া পক্ষের লিটন মিয়া ও মিসি মিয়াকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, লতিফ মিয়ার বাড়ির লোকজন রিয়াজ মিয়ার বাড়ির আনিস মিয়ার বিরুদ্ধে একটি মুঠোফোন চুরির অভিযোগ আনেন। মঙ্গলবার রাতে আনিসকে প্রতিপক্ষ মারধর করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রিয়াজ পক্ষ লতিফ মিয়ার বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। হামলায় এই বাড়ির ফেরদৌসী বেগমসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত ফেরদৌসী বেগমকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী বেগম গতকাল ভোরে মারা যান। এদিকে ফেরদৌসী বেগমের মৃত্যুর খবরে প্রতিপক্ষ রিয়াজ মিয়ার বাড়িতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় হামলায় পাঁচজন আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন গতকাল বিকেলে বলেন, মূলত মুঠোফোন চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। ফেরদৌসী বেগম নিহত হওয়ার ঘটনায় তাঁর স্বামী অহিদ মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।