দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ গ্রামে আজ বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে আকলিমা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। আকলিমা গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাহান মিয়া ও মামুন মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় অনেকে এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আকলিমাকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক গোলাম মোস্তফা বলেন, আকলিমাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজউদ্দিন ভূঁইয়া জানান, লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। ঘটনার তদন্ত করে বিস্তারিত জানা যাবে।