দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধানের বীজতলার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন। উপজেলার হারেঙ্গা হাওরে গত শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার রায়েরপাড়া গ্রামের মৃত ইয়াকুব উল্লাহর ছেলে বরকত উল্লা (৫৫)। সংঘর্ষে আহত ১০ জন হলেন—রাশেদ মিয়া (২২), আবদুল হামিদ (৩৫), মাকসুদা বেগম (৪০), রহিমা বিবি (৬০), আরো দিলু মিয়া (২৫), লেবু মিয়া (১৪), ফয়সল (১৬), আবদুর রহিম (৬০), আবদুল হাই (৬০) ও চান মিয়া (৫০)। এঁদের মধ্যে প্রথম চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রায়েরপাড়া গ্রামের চান মিয়া ও তাঁর ভাতিজা আবদুল হামিদ মিয়ার মধ্যে হারেঙ্গা হাওরের একটি বীজতলার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত শুক্রবার দুপুর ১২টার দিকে জমিতে চান মিয়ার পক্ষ বীজ বপনের জন্য চেষ্টা করলে হামিদ মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ থামাতে রায়েরপাড়া গ্রামের বরকত উল্লাহ এগিয়ে যান।বরকত উল্লাহর মেয়ের জামাতা মকবুল মিয়া জানান, সংঘর্ষের একপর্যায়ে চান মিয়ার পক্ষের লোকজনের লাঠির আঘাতে তাঁর শ্বশুর গুরুতর আহত হন। পরে বরকত উল্লাহকে এলাকাবাসী উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।