সুরমা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পারকুল এলাকায় এ ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালে নদীতে পড়ে চারজন নিখোঁজ হয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ ও ছাতকের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর একাংশে শুকনো মৌসুমে মাছ ধরার জন্য এক পক্ষ বাঁধ দেয়। এ নিয়ে আশপাশের গ্রামগুলোর মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে নিকটবর্তী ছয়টি গ্রামের কিছু মানুষ বিরোধ মেটাতে পারকুল এলাকায় বৈঠকে বসে। এ সময় সুরমা নদীর কোম্পানীগঞ্জ অংশে অবস্থানরত একদল লোক লাঠিসোঁটা নিয়ে ওপারে হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্রমে তা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে।এ সময় এক পক্ষের তাড়া খেয়ে নদীতে পড়ে যান ছাতকের কালারুকা গ্রামের শহীদুল ইসলাম (৫৫)। প্রতিপক্ষের লোকজন তাঁকে পানিতে বেধড়ক পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।একজন প্রত্যক্ষদর্শী জানান, চারজন লোক নৌকা নিয়ে শহীদুলকে নদী থেকে উদ্ধার করতে যান। এ সময় প্রতিপক্ষের হামলায় নৌকাটি ডুবে যায়। ফলে নৌকায় থাকা চারজনই পানিতে তলিয়ে যান। তাঁরা হলেন: ছাতকের কালারুকা গ্রামের তাজ উদ্দিন, জালাল মিয়া, শংকরপুর গ্রামের জমসিদ আলী ও ইউসুফ আলী। গতকাল বিকেল পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।প্রায় ঘণ্টা খানেক পর কোম্পানীগঞ্জ ও ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। এর মধ্যে ১২ জনকে কোম্পানীগঞ্জ ও ৪৫ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত সমর আলী (৪৫), লালন মিয়া (২৫), দেলওয়ার (২৫), বাবুল (৩৫), নূর হোসেন (৫০), গোলাম আলী (৩৫) ও আফরোজ আলীকে (৫০) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের বাড়ি ছাতকের কালারুকা খালের পাড় গ্রামে।সংঘর্ষে একজন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার প্রথম আলোকে জানান, দুই উপজেলার সংযোগস্থলে যাতায়াতব্যবস্থা খারাপ থাকায় পুলিশ ঘটনাস্থলে দ্রুত যেতে পারেনি। এর পরও দুই থানা থেকে দুটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।সংঘর্ষের পর চারজনের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি শাহজাহান মুন্সী জানান, এলাকাবাসীর সহায়তায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। মামলাও হয়নি বলে পুলিশ জানায়।