দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের চুনারচড় গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চুনারচড় গ্রামের কালু মিয়ার ছেলে মনির হোসেন (৩২) ও আমিনবাজারের বড়দেশী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে টুটুল (২৮)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাকুর্তা ইউনিয়নের চুনারচড় গ্রামের আবদুল মতিনের সঙ্গে ৪০ শতাংশ ফসলি জমি নিয়ে তাঁর চাচাতো ভাই আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাস দুয়েক আগে আবু তালেব লোকজন নিয়ে আবদুল মতিনের দখলে থাকা ওই জমি নিজের দখলে নেন। প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে আবদুল মতিন লোকজন নিয়ে ওই জমি চাষ করতে থাকেন। খবর পেয়ে আবু তালেবের ছেলে আরিফুর রহমান ওরফে লিটন দুপুর সাড়ে ১২টার দিকে লোকজন নিয়ে মতিনের লোকজনের ওপর হামলা চালান। এ সময় মনির বুকে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। মনির আবদুল মতিনের ভাতিজা।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মনির গুলিবিদ্ধ হওয়ার পর মতিনের লোকজন টেঁটা, বল্লম ও দা নিয়ে লিটনের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান লিটনের পক্ষের টুটুল। এরপর উভয় পক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুজন নিহত হওয়া ছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে লিটনসহ তাঁর পক্ষের সোহেল ও গগনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সোহেল পালিয়ে যান। আর অপর পক্ষের ১২ জনকে ভর্তি করা হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। লিটনের অবস্থা আশঙ্কাজনক।