দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল (৮) নামের এক শিশুর মৃত্যু ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিগদাইড় গ্রামের শওকত হোসেন ও মুকুল মেম্বারের সঙ্গে একই গ্রামের আশক আলী মেম্বার ও সাদেক ভেন্ডারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকেলে হঠাৎ করে দিগদাইড় বাজারের পাশে উভয় পক্ষ বল্লম, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বল্লমের আঘাতে ঘটনাস্থলেই জামাল নিহত হয়। এ ছাড়া উভয় পক্ষের আরও ২০ জন আহত হয়। এ সময় তিনটি দোকান লুটসহ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর পুলিশ জামালের লাশ থানায় নিয়ে আসে। জামালের বাবা বজলু মিয়া শওকত-মুকুল মেম্বারের সমর্থক। মুকুল মেম্বার জানান, প্রতিপক্ষের লোকজনের বল্লমের আঘাতে জামাল নিহত হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আশক মেম্বার বলেন, ‘ওই শিশুটির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের ফাঁসানোর জন্য প্রতিপক্ষ নিজেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আজ রোববার ময়নাতদন্তের জন্য জামালের লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।