দুই পক্ষের সংঘর্ষের পর ছাত্ররাজনীতি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নামধারী দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি কর্মসূচির পর সেখানে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার সভাপতিত্বে শিক্ষকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক সাইদুল হক ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রসংগঠনের কমিটি নেই। এর পরও ছাত্রলীগ ও ছাত্রদলের ব্যানারে কিছু ছাত্র ক্যাম্পাসে সংঘর্ষ ও পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লালমনিরহাট আগমন উপলক্ষে গত সোমবার কিছু ছাত্র ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদলের পক্ষে স্লোগান দেন। এরপর কিছু ছাত্র পাল্টা মিছিল বের করে ছাত্রলীগের নামে স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় প্রশাসন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। বাংলা বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নামধারী কর্মী তামিমুল হককে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে ১০ জন আহত হন।গত মঙ্গলবার ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। আগের দিন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে তাঁরা ক্লাস বর্জনের ডাক দেন। ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাখ্যান করে ছাত্রদল নামধারী ছাত্ররা ওই দিনই বিক্ষোভ মিছিল বের করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকালও ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর একাডেমিক ভবনে বৈঠকে বসেন উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া। বৈঠকে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।