দুই পক্ষের সমর্থকেরা সরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজাম উদ্দিন জলিলের সমর্থকেরা। গতকাল নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে।  ছবি: প্রথম আলো
নিজাম উদ্দিন জলিলের সমর্থকেরা। গতকাল নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে। ছবি: প্রথম আলো

নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন নিজাম উদ্দিন জলিল ও আবদুল মালেক। তবে দুজনের একজন পাবেন দলের টিকিট। এ জন্য কার বেশি জনপ্রিয়তা, তা প্রমাণ করতে হবে। এ কারণে দুজনের সমর্থকেরাই সোচ্চার হয়েছেন। গতকাল মঙ্গলবার দুই পক্ষ পৃথক সমাবেশ করেছে।

সকাল ১০টা থেকে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিলের কর্মী-সমর্থকেরা। তাঁরা নিজাম উদ্দিনকেই দলীয় টিকিট দেওয়ার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন। কর্মী-সমর্থকের সংখ্যা বাড়তে থাকলে একসময় দলীয় কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাঁদের সড়কের দুই পাশে সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেয়।

নিজাম উদ্দিন জলিল ঢাকা থেকে দলীয় কার্যালয়ে এসে পৌঁছান বেলা সাড়ে ১১টার দিকে। কর্মী-সমর্থকেরা করতালি দেন। নানা স্লোগান দেন। পরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁর দলীয় মনোনয়ন চূড়ান্ত করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

সাংসদ আবদুল মালেকের সমর্থকেরা। গতকাল নওগাঁ শহরের মুক্তির মোড়ে।
সাংসদ আবদুল মালেকের সমর্থকেরা। গতকাল নওগাঁ শহরের মুক্তির মোড়ে।

নিজাম উদ্দিন জলিল উপস্থিত কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ আসনে আমাকেই এক নম্বর প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এখানে আমিই নৌকার টিকিট পাব। আপনারা বিভ্রান্ত হবেন না। ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’

এদিকে দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বর্তমান সাংসদ আবদুল মালেকের সমর্থকেরা জড়ো হন। তাঁকে এ আসনে আওয়ামী লীগের টিকিট দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন কর্মী–সমর্থকেরা। তাঁর অনুসারী হিসেবে পরিচিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক বলেন, ‘আবদুল মালেক ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সাংসদ নির্বাচিত হয়ে তিনি এলাকায় অনেক উন্নয়ন করেছেন। বর্তমানে অন্য যে কারও চেয়ে তাঁর জনপ্রিয়তা বেশি। এ জন্য দলের সভাপতি শেখ হাসিনার কাছে আমাদের দাবি, এ আসনে যাতে তাঁকে আবারও মনোনয়ন দেওয়া হয়।’

গত রোববার নিজাম উদ্দিন জলিলকে নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি দেওয়া হয়। কিন্তু পরদিন সোমবার আবদুল মালেক ও নিজাম উদ্দিন জলিল দুজনকেই যৌথভাবে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি আসনে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ে জরিপ করা হবে। জরিপের ফলাফল অনুযায়ী ঠিক করা হবে কে পাবেন নৌকার টিকিট। প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠাবেন। একজন বাদ পড়বেন।