সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির দুই পক্ষের নেতাদের মধ্যে ‘দূরত্ব’ কমাতে গতকাল বুধবার বিকেলে একাংশের নেতারা মতবিনিময় করেছেন। সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় নতুন কমিটির সভাপতি সাবেক সাংসদ ফজলুল হক আছপিয়া ও তাঁর পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না।সভার বিষয়ে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জানান, নতুন কমিটিকে জেলার সর্বস্তরের নেতা-কর্মীরা স্বাগত জানিয়েছেন। এর পরও গুটিকয়েক কর্মী ব্যক্তিস্বার্থে কমিটির বিরোধিতা করে কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ করেছেন। বিষয়গুলো কেন্দ্রকে জানানো হবে।নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হেলালের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, কমিটির সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, ফারুক আহমদ প্রমুখ।সহসভাপতি আ স ম খালিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভেদ নয়, ঐক্য চাই। সব নেতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এই সভা। আজ (গতকাল) আমরা নিজেরা বসেছি, আগামীতে সবাইকে নিয়ে বসা হবে।’ গত ২৭ এপ্রিল দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ করে ফজুলল হক আছপিয়াকে সভাপতি, কলিম উদ্দিন আহমদ মিলনকে সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে অনুমোদন দেন।