দুই পথে বাস সেবা উদ্বোধন, ভাড়া ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা—এই দুটি পথে নতুন বাস সেবার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার পৃথক ওই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে গতকাল বিকেল পৌনে চারটার দিকে কলকাতা, আগরতলা ও শিলংগামী বাসের উদ্বোধন করে তিন নেতা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উদ্বোধনের আগে মমতা শেখ হাসিনার কাছে ঢাকা-কলকাতা রুটের বাসের প্রতীকী টিকিট হস্তান্তর করেন। মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকা-আগরতলা রুটের বাসের প্রতীকী টিকিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকা-শিলং রুটের বাসের প্রতীকী টিকিট। বাস পরিচালনা করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও ভারতের নিজ নিজ রাজ্যের পরিবহন সংস্থা।
বিআরটিসি সূত্র জানিয়েছে, কলকাতা-ঢাকা-আগরতলা পথে চারটি বাস চলাচল করবে। এর মধ্যে দুটি বিআরটিসির আর দুটি ভারতীয় কর্তৃপক্ষ চালাবে। এই বাসগুলো আসা-যাওয়ার পথে কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক টার্মিনালে যাত্রাবিরতি করবে। সেখান থেকে বাংলাদেশি যাত্রীরাও যাতায়াত করতে পারবেন।
আর ঢাকা-শিলং-গুয়াহাটি পথে চলাচল করবে দুটি বাস। একটি বিআরটিসির মনোনীত বেসরকারি পরিবহন কোম্পানি শ্যামলীর, অন্যটি আসাম ট্রান্সপোর্ট করপোরেশনের। এটিরও ওঠা-নামার মূল স্থান কমলাপুর টার্মিনাল।
এই পরিবহন সেবার ভাড়া এবং চলাচলের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান। এ বিষয়ে শিগগিরই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক হবে বলে জানান। তিনি বলেন, ঢাকা থেকে ভারতের অন্য পথেও বেসরকারি উদ্যোগে বাস চলছে। সেগুলোর ভাড়া পরিচালনাকারী প্রতিষ্ঠানই ঠিক করেছে। তবে নতুন দুটি পথের ভাড়া দুই দেশের সরকার এবং পরিচালনকারী প্রতিষ্ঠান মিলে ঠিক করা হবে।
বাস সেবা উদ্বোধন করে নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ঢাকা হয়ে উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের যোগাযোগ স্থাপিত হওয়ার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। পরে ভারতের প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘মানুষে মানুষে সংযোগ ও দুই দেশের যোগাযোগ বাড়ছে...বাস সার্ভিসের উদ্বোধন।’ কলকাতা-ঢাকা-আগরতলা এই বাস সার্ভিসের কারণে পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা রাজ্যের দূরত্ব প্রায় এক-তৃতীয়াংশে নেমে আসবে। এই পথে কলকাতা থেকে আগরতলার দূরত্ব হবে ৫৬০ কিলোমিটার।
বিআরটিসির একটি সূত্র জানায়, ঢাকা-শিলং-গুয়াহাটি পথে সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার—এই তিন দিন দুই দিক থেকে দুটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ঢাকা থেকে শিলং ও গুয়াহাটির ভাড়া ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২ হাজার টাকা। আর ভারতীয় মুদ্রায় ১ হাজার ৮০০ রুপি। পথে বাসটি আশুগঞ্জে যাত্রাবিরতি করবে। তবে সেখান থেকে যাত্রী তোলা হবে না। সিলেটে আরেক দফা যাত্রাবিরতি দেওয়া হবে এবং সেখান থেকে যাত্রীও তোলা হবে। সিলেট থেকে শিলং ও গুয়াহাটির ভাড়া ১ হাজার ২০০ টাকা।
শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশচন্দ্র ঘোষ বলেন, সপ্তাহে তিন দিন বাস চালানোর পরিকল্পনা রয়েছে। টিকিট উন্মুক্ত করা হয়েছে। সবকিছু নির্ভর করবে যাত্রীদের সাড়ার ওপর।
অন্যদিকে কলকাতা-ঢাকা-আগরতলা পথের বাসের ভাড়া ২ হাজার ৪০০ টাকা বা ২ হাজার রুপি করার পরিকল্পনা রয়েছে। তবে ঢাকা থেকে দুই গন্তব্যের ভাড়া কত হবে, সেটা নিয়ে ধোঁয়াশা আছে।