দুই পথে সরাসরি বাস চলাচল বন্ধ ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জেলার বাসমালিকের দ্বন্দ্বে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সঙ্গে বগুড়া ও সান্তাহার রুটের সরাসরি বাস যোগাযোগ ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ওই দুই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট ও বগুড়া জেলার বাসমালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত ৫ অক্টোবর থেকে আক্কেলপুর-বগুড়া ও আক্কেলপুর-সান্তাহার রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে ওই দুই রুটে নিজ নিজ সীমানায় বাস রাখা হচ্ছে। সেখান থেকেই বাস চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হলেও দুই জেলার বাসমালিক সমিতির নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয় প্রশাসনও কোনো উদ্যোগ নিচ্ছে না। জয়পুরহাট বাসমালিক সমিতির সভাপতি পতন চৌধুরী জানান, ৫ অক্টোবর তাঁদের সমিতির একটি মালিকের বাস বগুড়া টার্মিনালে গেলে বগুড়া জেলার বাসমালিক সমিতি বাসটি বের দেয়। এরপর থেকে ওই দুই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চলছে বলে তিনি জানান। এ ব্যাপারে বগুড়া জেলা বাসমালিক সমিতির সভাপতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, দুই জেলার বাসমালিক একত্রে বসে নিজেরাই দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারেন। তাঁরা নিজেরা ব্যর্থ হলে প্রশাসন তা নিরসনের উদ্যোগ নেবে। এ বিষয়ে জেলা পর্যায়ে আলোচনা হয়েছে।