দুই পরিচয়ে একই নারীর চেক জালিয়াতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সুমি আক্তার নামে এক নারীর অ্যাকাউন্টে প্রায় ২৭ লাখ টাকার জাল চেক জমা হয়। পরে চম্পা আক্তার নামে আরেক নারী ২০ লাখ টাকার চেক নিয়ে সেখান থেকে টাকা তোলার চেষ্টা করেন। সুমি আক্তার ও   চম্পা আক্তারের ছবি ও সই একই রকম। পুলিশ বলছে, তাঁরা দুজন একই নারী। দুই পরিচয়ে তিনি ব্যাংক ও পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন।

পুলিশ জানায়, গোপালগঞ্জের মার্কেন্টাইল ব্যাংকে ২৬ লাখ ৪২ হাজার ৫৭৯ টাকার ইস্যু করা একটি চেক গত ৫ আগস্ট সুমি আক্তারের নামে ইউসিবিএল ব্যাংকের গোপালগঞ্জ শাখার অ্যাকাউন্টে জমা হয়। বড় অঙ্ক দেখে ইউসিবিএল ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহবশত ওই চেকের ব্যাপারে ছাড়পত্র নিতে যায়। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেকটি জাল।  গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় ইউসিবিএল ব্যাংক থেকে টাকা তুলতে যান চম্পা আক্তার। টাকা তোলার সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ। ওই দিন রাতেই মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়। আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে পুলিশ তাঁকে মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চম্পা আক্তার জানান, তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাচনা গ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সুমি আক্তারের হুবহু স্বাক্ষর করে দেখান।

ব্যাংক ব্যবস্থাপক অর্জুন কুমার বসু জানান, অভিযুক্ত চম্পা ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন তিনি জালিয়াত নন। সুমি আক্তার নামের একজনের কাছে তিনি টাকা পান। সুমি আক্তার তাঁকে চেকটি দিয়েছে বলে তিনি দাবি করেন। চম্পা বলেন, ‘আমার স্বামী সাইফুল ইসলাম সৌদিতে থাকেন। সাইফুলের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এ কারণে সুমী আমাকে ফাঁসাতে পারে।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার সুমি আক্তারের ছবি ও চেকের সইয়ের সঙ্গে চম্পা ইসলামের ছবি ও সইয়ের মিল আছে। এ থেকে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, চম্পা ও সুমি একই লোক। মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।