নাটোরে দুই পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে ধর্মঘটে জেলার সঙ্গে উত্তরাঞ্চলের সব জেলার মধ্যে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। নাটোর বাস-মিনিবাস মালিক সমিতি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ওই ধর্মঘটের ডাক দেয়।
এদিকে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ চাঁদা আদায়, পরিবহনশ্রমিকদের মারধর ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে অপর সংগঠন নাটোর জেলা মোটর মালিক সমিতি। গতকাল সকালে সিংড়া বাস টার্মিনালে তারা ওই কর্মসূচি করে।
ওই দুই পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাস ও মিনিবাস থেকে চাঁদা আদায় করা নিয়ে দীর্ঘদিন ধরে নাটোর জেলা মোটর মালিক সমিতি ও নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে সম্প্রতি শহরের হরিশপুর বাস টার্মিনালে নাটোর মোটর মালিক সমিতির কাউন্টার ও শ্রমিকদের মারধর করেন নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন। এরই জের ধরে গতকাল সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী সব যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয় নাটোর বাস মিনিবাস মালিক সমিতি। হঠাৎ এই ধর্মঘটে বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। বাস টার্মিনালে এসে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন। নিরুপায় হয়ে কেউ কেউ ছোট ছোট যানবাহনে (লেগুনা, অটোচার্জার) গন্তব্যে রওনা হচ্ছেন।
তবে বিকল্প পথে নাটোর থেকে সিরাজগঞ্জ চৌরাস্তা হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর, বরিশাল- খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের চলাচল অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পদ্দার বলেন, ‘জেলা মোটর মালিক সমিতির কোনো বৈধতা নেই। তারা অবৈধ সংগঠন খুলে যানবাহনগুলো থেকে ১৭০ টাকা হারে চাঁদা নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তারা চাঁদা ওঠানো বন্ধ না করছে, ততক্ষণ আমাদের ধর্মঘট চলবে।’
এদিকে শ্রমিকদের মারধর ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে সকালে সিংড়া বাস টার্মিনালে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান ইমাম প্রমুখ। বক্তারা অবিলম্বে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির চাঁদা উত্তোলন বন্ধ ও বাস চলাচলের জোর দাবি জানান।
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, ‘জেলা মোটর মালিক সমিতি একটি রেজিস্ট্রেশনভুক্ত সমিতি। এই সমিতিকে অবৈধ বলার সুযোগ নেই। বাস-মিনিবাস মালিক সমিতি আমাদের শ্রমিকদের মারধর ও কাউন্টারও ভাঙচুর করেছে।’
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ‘উভয় সমিতিকে গাড়ি চালানোর জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরোধ মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’