দুই পরিবারকে একঘরে করে রাখার অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা গ্রামের পাঁচ মাতবরকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বাবা ও ছেলের দুই পরিবারকে ২৩ দিন একঘরে করে রাখার অভিযোগ রয়েছে। ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে মামলা করা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া মাতবরেরা হলেন বেলনা গ্রামের কাউসার আলী (৪৪), মজিবর রহমান (৪২), মোস্তফা (৪৮), আলিমুদ্দিন (৪৪) ও শামীম (৪০)।গ্রামবাসী জানায়, বেলনা গ্রামের জেহের আলীর ছেলে সোহরাব একই গ্রামের রাজগোবিন্দ নামের এক ব্যক্তির জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন। সেই সূত্রে রাজগোবিন্দ মাঝেমধ্যে সোহরাবের বাড়িতে যেতেন। গ্রামের মাতবরেরা বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি। সোহরাবের স্ত্রীর সঙ্গে রাজগোবিন্দের সম্পর্কের অভিযোগ তুলে গত ৭ মে সালিস ডাকেন তাঁরা। সোহরাবের স্ত্রী সালিসে না যাওয়ায় ওই পরিবারকে তাঁরা একঘরে করার ঘোষণা দেন।মাতবরেরা নির্দেশ দেন, সমাজের কোনো ব্যক্তি সোহরাবের পরিবারের কারও সঙ্গে কথাবার্তা, যোগাযোগ বা লেনদেন করতে পারবেন না। নির্দেশ কেউ অমান্য করলে তাঁকেও একঘরে করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনার ১৫ দিন পর বাবা জেহের আলী ছেলের সঙ্গে কথা বললে আবার সালিস ডেকে তাঁর পরিবারকেও একঘরে করা হয়। জেহের আলী (৭০) বলেন, ‘আমরা গরিব, মাতবরেরা ধনী। তাদের ভয়ে আমরা থানায় মামলা করতে পারিনি।’ সোহরাবের ছেলে নবম শ্রেণীর ছাত্র হাসিবুল ইসলাম বলে, ‘মাতবরেরা সহপাঠীদের সঙ্গে আমার কথাবার্তা ও চলাফেরা বন্ধ করে দিয়েছিলেন। এমনকি গ্রামে কোনো দোকানে জিনিস কিনতে গেলেও তাঁরা বাধা দিতেন।’ মামলার তদন্ত কর্মকর্তা মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) শাকিল বলেন, গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।