চট্টগ্রামের মিরসরাই ও লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে মিরসরাইয়ে মা ও তাঁর দুই শিশুসন্তান এবং লক্ষ্মীপুরে মা ও মেয়ে নিহত হয়েছেন।
গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মিরসরাই উপজেলার প্রজেক্ট রোড এলাকায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও তাঁর দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মা শাহেদা আক্তার (৩৩), তাঁর দুই ছেলে আবদুল্লাহ আল সায়মুন (৯) ও সাইদুল ইসলাম (১)।
দুর্ঘটনায় আহত হয়েছেন শাহেদার স্বামী দিদারুল আলম ও মেয়ে ইভা আক্তার (৭)। ব্যবসায়ী দিদারুলের বাড়ি উপজেলার ইমামপুর গ্রামে।
নিহত শাহেদার স্বজনেরা জানান, পরিবারের সবাইকে নিয়ে টাঙ্গাইলে বেড়াতে গিয়েছিলেন দিদারুল আলম। সেখান থেকে গতকাল বাড়িতে ফিরছিলেন তাঁরা। ভোরে বারইয়ারহাট পৌর বাজারে বাস থেকে নেমে অটোরিকশায় করে বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। অটোরিকশাটি প্রজেক্ট রোডের তিতাবটতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহেদা আক্তার ও তাঁর দুই ছেলে। আহত হন দিদারুল আলম ও তাঁর মেয়ে ইভা আক্তার।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাঈনুদ্দীন ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফরিদ উদ্দীন বলেন, তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাহেদার চাচাতো ভাই জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় দিদারুল আলমের কোলে ছিল ইভা। প্রাণে বাঁচলেও দিদারুলের আঘাত গুরুতর।
এদিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নুর বানু (৫৫) ও তাঁর মেয়ে রৌশন আরা বেগম (৩০) মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে ওই দুর্ঘটনায় রৌশন আরা বেগমের বড় বোন মারজাহান বেগমের ছেলে ছাত্র শাহরিয়ার হোসেন (৮) মারা যায়। তাদের বাড়ি সদর উপজেলা ভবানীগঞ্জের চরমনসা গ্রামে।
নিহত শাহরিয়ারের মা মারজাহান বেগম বলেন, শনিবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজ এলাকায় লেগুনার সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ১০ যাত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।