দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত
ফেনীর সোনাগাজীতে একই বাড়ির দুই পরিবারের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাগাজী উপজেলার পালগিরি গ্রামে গত মঙ্গলবার রাত আটটার দিকে নিজাম উদ্দিন ওরফে সাহজাহানের পরিবারের সদস্যদের সঙ্গে একই বাড়ির খুরশিদ আলমের পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া থেকে প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পরিবারের নয়জন আহত হয়। আহত ব্যক্তিদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে নিজাম উদ্দিন ওরফে সাহজাহানের মেয়ের স্বামী রহিম উল্লার (৩২) অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান। রহিম উল্লাহ সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর গ্রামের আবদুল হকের ছেলে।