দুই পরীক্ষার্থীর দায়িত্বে ১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা দেয় দুজন শিক্ষার্থী। এ সময় পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন ১৮ জন।
মতলব ডিগ্রি কলেজ কেন্দ্র সূত্রে জানা গেছে, উল্লিখিত বিষয়ে ওই কেন্দ্রে ৮ নম্বর কক্ষে রিমা আক্তার ও ফারজানা আক্তার নামে দুই শিক্ষার্থী পরীক্ষা দেয়। তারা মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ সময় পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), একজন কেন্দ্রসচিব, দুজন সরকারি কর্মকর্তা (ইউএনওর প্রতিনিধি), পরীক্ষা কমিটির চার সদস্য, দুজন কক্ষপরিদর্শক, দুজন পুলিশ ও ছয় কর্মচারীসহ ১৮ জন।
ওই কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য কলেজশিক্ষক তৌহিদুল আলম বলেন, দুই পরীক্ষার্থীর পরীক্ষা চালাতে ১৮ জনকে শ্রম দিতে হচ্ছে। সেই সঙ্গে পারিশ্রমিকও গুনতে হচ্ছে।
কেন্দ্রসচিব অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, যতজনই পরীক্ষা দিক ওই ১৮ জনকেই দায়িত্ব পালন করতে হবে। তবে যুক্তিবিদ্যা বিষয়টি শিক্ষার্থীরা নিতে চায় না বলে পরীক্ষার্থী এত কম।