দুই পর্যটক পুলিশ আহত হওয়ার ঘটনায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে গত শনিবার সেনাসদস্যদের পিটুনি থেকে এক পর্যটককে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে ট্যুরিস্ট (পর্যটন) পুলিশ। অভিযোগ রয়েছে, গত শনিবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সুগন্ধা পয়েন্টে সেনাসদস্যদের পিটুনি থেকে মো. হানিফ নামের ওই পর্যটককে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন ট্যুরিস্ট পুলিশের দুই কনস্টেবল কর্মেন প্রিয় চাকমা (২৮) ও জুয়েল হক (২৯)। পরে ওই দিন দুপুরে গুরুতর আহত হানিফকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে শহরের বেসরকারি আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। হানিফ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কলেজগেট এলাকার কালু মিয়ার ছেলে। হানিফ গত বৃহস্পতিবার সকালে স্ত্রী, মা ও দুই বোনকে সঙ্গে নিয়ে কক্সবাজার যান। শনিবার বেলা ১১টায় সৈকতে গোসল করতে গিয়ে স্ত্রীর গায়ে ফুটবল নিক্ষেপের ঘটনায় তিনি সেনাসদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন বলে অভিযোগ। ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী বলেন, হানিফকে রক্ষা করতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল কর্মেন ও জুয়েল সেনাসদস্যদের মারধরের শিকার হন। এ ব্যাপারে ওই দিন রাতে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করা হয়েছে। পুলিশের ওপর হামলা অথবা মারধরের ঘটনায় জিডি করার বিষয়ে জানতে চাইলে ওসি আসাদ করিম চৌধুরী বলেন, সেখানে বহু লোকের সমাগম ছিল। কার ধাক্কায় দুই পুলিশ পড়ে গেলেন, তা চিহ্নিত করা যায়নি। তাই ঘটনাটি জিডিভুক্ত করা হয়। এদিকে হানিফের বোন লিলি আকতার (২২) তাঁর ভাইকে মারধরের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় গত শনিবার রাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবির গায়ে ফুটবল নিক্ষেপ এবং পরে হানিফকে নির্যাতন ও পিটুনির বর্ণনা তুলে ধরা হয়। পুলিশ অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ করে। এ প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এজাহার নয়, লিলি আকতার হামলার ঘটনাটি থানায় জিডি হিসেবে লিপিবদ্ধ করেছেন। জিডিতে হামলার জন্য সেনাসদস্যদের দায়ী করা হয়।