দুই পা কাটা সালমা আসকের আশ্রয়কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎ​সাধীন সালমা   l ফাইল ছবি
হাসপাতালে চিকিৎ​সাধীন সালমা l ফাইল ছবি

দেবরের দায়ের কোপে দুই পা হারানো গৃহবধূ সালমা বর্তমানে আছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আশ্রয়কেন্দ্রে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সালমাকে ছুটি দিয়ে দিলে আসক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাঁকে ঢাকার আশ্রয়কেন্দ্রে নিয়ে যায় গত সোমবার।
গত ২৫ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে শ্বশুরবাড়িতে সালমাকে কুপিয়ে আহত করেন দেবর রেজাউল ব্যাপারী। শ্বশুর সালমাকে বেশি আদর করেন। তাই সালমার স্বামী শামসুল হককে বেশি সম্পত্তি লিখে দিয়েছেন—এ অভিযোগে দেবর এই হামলা চালান। সালমাকে রামদা দিয়ে কোপানো হয়েছে। এ জন্য তাঁর হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছে। ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার আসকের জ্যেষ্ঠ উপপরিচালক (আইন) নীনা গোস্বামী প্রথম আলোকে বলেন, ‘সালমার কেসটি বিশেষ একটি কেস। চিকিৎসার জন্য তাঁকে ফলোআপে থাকতে হবে। দুই পা কাটা সালমার পক্ষে মাদারীপুর থেকে ঢাকায় যাতায়াত করা কঠিন। তাই আসক তাঁকে নিয়ে এসেছে। একটি হুইলচেয়ার কিনে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে অন্যান্য যা কিছু লাগছে, তা দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁর মামলাও দেখভাল করবে আসক।’
বর্তমানে আশ্রয়কেন্দ্রে সালমার সঙ্গে তাঁর বড় বোন রাশিদা বেগম আছেন। সালমার আরেক বোন মাহমুদা বেগম জানালেন, মামলার আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হননি। উল্টো আসামির পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
এর আগে সালমার স্বামী শামসুল হক প্রথম আলোকে জানিয়েছিলেন, মামলার আসামি নিজের ভাই হলেও তিনি আসামির যথাযথ শাস্তি চান।