দুই পা তো গেছেই, জীবনও যায় যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আহত রুবিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
* রুবিনার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়।
* ঢাকার সদরঘাট এলাকায় মেসে থেকে পড়াশোনা করছেন।
* গ্রামের বাড়ি যাওয়ার জন্য কমলাপুরে গিয়েছিলেন রুবিনা।
* এখন পরিস্থিতি স্থিতিশীল হলেও রুবিনা আশঙ্কামুক্ত নন।

রুবিনা আক্তার
রুবিনা আক্তার

রেল ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। চিকিৎসকেরা বলছেন তাঁর জীবনও সংকটে।

গতকাল রোববার দুপুরে কমলাপুর রেলস্টেশনে ওই দুর্ঘটনার পর ছাত্রীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে রেল পুলিশ।

আহত ছাত্রী রুবিনা আক্তার (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ির যাওয়ার জন্য গতকাল কমলাপুরে গিয়েছিলেন তিনি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে মেয়েটি ৪ নম্বর প্ল্যাটফর্মের নিচ দিয়ে (রেললাইনের ওপর দিয়ে) হেঁটে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় মেয়েটি এর নিচে পড়েন। তাঁর দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস বলেন, বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

মেয়েটিকে হাসপাতালে আনতে পুলিশকে সাহায্য করেন স্টেশনে জুতা পলিশের কাজ করা মো. লালন। লালন প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর দিয়ে এক প্ল্যাটফর্ম থেকে আরেকটিতে যাচ্ছিলেন রুবিনা। কানঢাকা পোশাক ছিল। দুই হাতে ব্যাগ ছিল। হঠাৎই একটি রেল ইঞ্জিনের চাকার নিচে পড়েন তিনি। পরে তিনি (লালন) গিয়ে রক্তাক্ত রুবিনাকে কোলে তুলে প্রথমে প্ল্যাটফর্মে নেন। এরপর পুলিশের সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রিকশা ভ্যানে করে মেয়েটিকে হাসপাতালে নিতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়।

উদ্ধারকারী লোকজনকে রুবিনা জানিয়েছেন, তিনি মাথা ঘুরে রেললাইনের ওপর পড়ে যাওয়ায় এ দুর্ঘটনার শিকার হন।

এদিকে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানা যায়, জরুরি বিভাগে রাখা হয়েছে রুবিনাকে। দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্ত লাগবে। খবর পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীরা হাসপাতালে এসেছেন। রুবিনার জন্য প্রয়োজনীয় বি পজিটিভ রক্ত জোগাড়ের চেষ্টা করছেন।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, রুবিনাকে দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পা দুটি থেঁতলে গেছে, হাড়ও গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এখন পরিস্থিতি স্থিতিশীল হলেও তাঁকে আশঙ্কামুক্ত বলা যাবে না।

এর আগে ২২ জানুয়ারি সিরাজগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দুই পা থেঁতলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলামের (২২)।