দুই পা হারিয়ে ছটফট করছে কিশোর শরীফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটা পায়ের দিকে তাকাতেই চোখের পানি গড়িয়ে পড়ল বালিশে, সঙ্গে আর্তনাদও। নরসিংদীর ট্রেন দুর্ঘটনায় দুই পা হারিয়ে কিশোর শরীফ (১৬) এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে।শরীফের মতো ১৬ জন আহত ব্যক্তি এখন ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁদের মধ্যে ট্রেনের চালক রফিকউদ্দিন ও সহকারী চালক আরিফুর রহমানের অবস্থা সংকটাপন্ন। অন্যদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে কমপক্ষে পাঁচ-ছয় মাস সময় লাগবে।পঙ্গু হাসপাতালের আই জে ওয়ার্ডের ১১ নম্বর শয্যায় চিকিৎসাধীন আউয়াল দুর্ঘটনার সময়ের কথা বলতে গিয়ে আঁতকে ওঠেন। শরীফ বলে, ‘চট্টলা ট্রেনের বগিতে বইসাছিলাম। সবাই বলাবলি করতাছিল উল্টা দিক দিয়ে গোধূলি আইতাছে। হঠাৎ বিকট শব্দ। এরপর অন্ধার। দুই হাতে ভর দিয়া ওডার চেষ্টা করি। কিন্তু পারলাম না। পরে আকুতি-মিনতি শুনে তারা ধরাধরি করে আমায় হাসপাতালে নিয়ে আসল।’কথা বলতে বলতে কাতরাচ্ছিল শরীফ। কাটা দুই পায়ের ওপর ধবধবে সাদা ব্যান্ডেজ রক্তে ভিজে যাচ্ছিল। বিছানার পাশে থাকা শরীফের বাবা আবদুল আউয়ালের কান্না থামাতে পারছিলেন না তাঁর স্বজনেরা। চিকিৎসকেরা জানালেন, শরীফের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘাটতি পূরণে তাকে রক্ত দেওয়া হচ্ছে।আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমার পুত সারা জীবনের জন্য পঙ্গু অইয়া গেল। ঘটনা শোনার পর থেকে তার মা অজ্ঞান।’ তাঁর আশা, সরকার তাঁর পঙ্গু ছেলের জন্য এমন কিছু একটা করুক, যাতে সে ভালোভাবে বেঁচে থাকতে পারে।আউয়াল জানান, তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরার পলাশতলীতে। চার ছেলে ও দুই মেয়েসহ আট সদস্যের পরিবারটি কোনোমতে চলছিল। শরীফ ফেরি করে কসমেটিকস বিক্রি করে তাঁর সঙ্গে সংসারের হাল ধরেছিল।ঘটনার বর্ণনা দিতে গিয়ে চট্টলার ট্রেনচালক রফিকউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘লাইন ক্লিয়ার ছিল। ৭০ মাইল বেগে ট্রেন চলছিল। নরসিংদীতে পৌঁছার পর যাত্রী নামানোর জন্য ট্রেনটির গতি কমিয়ে দিই। এ সময় দেখি ১০০ গজ দূরে বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন আসছে। দুই সহকারী মিলে ব্রেক কষে গতি ১০ মাইলে নামিয়ে আনছিলাম। ততক্ষণে ওই ট্রেন এসে মুখোমুখি সংঘর্ষ। এরপর আর কিছু মনে নেই।’নরসিংদীতে সেই ভয়াবহ দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন ও পঙ্গু হাসপাতালে ১০ জনকে নেওয়া হয়। রাত ১০টার দিকে পঙ্গু হাসপাতালে গোধূলির নিরাপত্তাকর্মী শফি আলম মারা যান। গতকাল চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতাল থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বড় আঘাত পেয়েছেন। অনেকের হাত-পা ভেঙে গেছে।গতকাল বিকেল পর্যন্ত জ্ঞান ফেরেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ট্রেনের সহকারী চালক আরিফুর রহমানের। তাঁর মাথায় আঘাত লেগেছে। নিউরো সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার এস এম হাসিবুল আলম প্রথম আলোকে বলেন, আরিফের মাথার মগজ ফুলে গেছে। তাঁর জ্ঞান ফিরতে দু-এক দিন সময় লাগবে। এরপর তাঁর অবস্থা সম্পর্কে বলা যাবে। আর ট্রেনচালক রফিকউদ্দিনের অস্ত্রোপচার হয়েছে। তাঁর চোখ ওপরের দিকে হাড় ভেঙে বেরিয়ে গেছে। তবে এই হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের আঘাত মারাত্মক নয়।পঙ্গু হাসপাতালের পরিচালক অর্থোপেডিক সার্জন খন্দকার আবদুল আওয়াল রিজভী প্রথম আলোকে বলেন, ট্রেনের চাকায় কাটা পড়ে কিশোর শরীফ দুই পা হারালেও বেঁচে যাবে। তার দুই পায়ে অস্ত্রোপচার করে ওপরের কিছু অংশ ফেলে দিতে হতে পারে। আহত অনেকের হাত-পা ভেঙে গেলেও তাঁদের সেরে উঠতে সময় লাগবে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে কমপক্ষে ছয় মাস লাগবে বলে জানান তিনি।