দুই পাকিস্তানি নাগরিক ও তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেল থেকে অবৈধভাবে আমদানি করা সিগারেটের চালানসহ দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া ডেমরা ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা ৪০০ ইয়াবা বড়ি ও ৮০০ পেথিডিন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-৩-এ কর্মরত ক্যাপ্টেন মো. শরীয়ত উল্লাহ জানান, গোয়েন্দাতথ্যের ভিত্তিতে রোববার রাতে হোটেল গার্ডেনে অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ কাইয়ুম (৩৫) ও আবদুল মজিদকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তাঁদের কক্ষে তল্লাশি চালিয়ে ২১০ কার্টন পাকিস্তানি সিগারেট ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা কিছুদিন পর পর বাংলাদেশে আসেন এবং এখানে হোটেলে অবস্থান করে অবৈধভাবে নিয়ে আসা মালামাল বিক্রি করে ফিরে যান। এদিকে ডেমরা থেকে ৪০০ ইয়াবা বড়িসহ আবদুল করিম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৩-এর একটি দল রোববার রাতে ডেমরার পূর্ব নতুনপাড়া এলাকার একটি বাড়ির পঞ্চম তলায় অভিযান চালিয়ে আবদুল করিমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ ইয়াবা বড়ি ও বড়ি বিক্রির প্রায় আড়াই লাখ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্ত এলাকা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে তিনি ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাঁর সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে র্যাব-১০-এর একটি দল কামরাঙ্গীরচর থানার মাদ্রাসাপাড়ার জনৈক জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটে আজাহারের ঘরে অভিযান পরিচালনা করে ৮০০ পেথিডিন ইনজেকশন, ইনজেকশন বিক্রির এক হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোনসেটসহ মাদক ব্যবসায়ী মো. আজাহার (২২) ও কালুকে (২০) গ্রেপ্তার করে।