দুই পায়েই হাঁটবে সোনিয়া
দুই পায়েই হাঁটবে সোনিয়া। এক পায়ে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর স্কুলে যেতে হবে না। রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে গত বৃহস্পতিবার সোনিয়ার কৃত্রিম পা সংযোজন করা হয়।
সোনিয়াকে নিয়ে গত ৫ মার্চ প্রথম আলোতে ‘এক পায়ে প্রতিদিন পাঁচ কিলোমিটার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ সোনিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রতিষ্ঠানটির সহযোগিতায় পরে তার কৃত্রিম পা সংযোজন করা হয়। ল্যাবএইড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোনিয়ার সারা জীবনের ব্যয়ভার বহন করবে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার সোনিয়া খাতুনের একটি পা কাটা যায় দুই বছর বয়সে। এক পা নিয়েই চলছিল তার জীবনসংগ্রাম। সোনিয়ার বাবা মজিবুর রহমান মানসিক প্রতিবন্ধী এবং মা রহিমা বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। পুঠিয়ার ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সোনিয়া।
গত বৃহস্পতিবার সোনিয়া তার পরিবারের সদস্য ও স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে নিয়ে ল্যাবএইড কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসে। এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরামর্শক (প্রশাসন) মঞ্জুর এ মোল্লা, সহকারী মহাব্যবস্থাপক (যোগাযোগ) সাইফুর রহমান প্রমুখ।