দুই পারের মানুষের দ্বন্দ্বে ভৈরব নদ খনন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে আছে খুলনার রূপসা উপজেলার মধ্যে দিয়ে প্রবহমান ভৈরব নদের খননকাজ। নদের এক পারের লোকজনের দাবি, ১৯৩০ সালের সিএস ম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারণ করে নদটি খনন করতে হবে। আর অন্য পারের লোকজন বলছেন, ১৯৬০ সালের এসএ ম্যাপ অথবা সম্প্রতি প্রকাশিত আরএস ম্যাপ অনুযায়ী এই খননকাজ চালাতে হবে।
নদের দুই পারের লোকজনের এই দ্বন্দ্বে বিপাকে পড়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সীমানা নির্ধারণ না হওয়ায় এবং উভয় পারের লোকজনের বাধার কারণে তারা ভৈরব নদ খনন করতে পারছে না। তেরখাদা উপজেলার আঠারোবাঁকী নদী খনন করে এখন ভৈরব অংশে এসে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, খুলনার তেরখাদা ও রূপসা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আঠারোবাঁকী নদী ও ভৈরব নদ। আঠারোবাঁকী রূপসার আলাইপুর এলাকায় গিয়ে ভৈরব নদের শাখার সঙ্গে মিলেছে। আর সেখান থেকে ভৈরবের ওই শাখা গিয়ে মিলেছে খুলনার জেলখানা ঘাট এলাকায় মূল ভৈরব নদের সঙ্গে।
রূপসা ও তেরখাদা উপজেলার কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছরেরও বেশি সময় ধরে পলি জমে ভরাট হয়েছে আঠারোবাঁকী ও ভৈরব। এ কারণে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা লেগেই থাকে। তা ছাড়া তেরখাদা এলাকার ভুঁতিয়ার বিলসহ কয়েকটি বড় বিল বছরের প্রায় নয় মাসই পানিতে তলিয়ে থাকে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গত বছর থেকে নদ খননের কাজ শুরু করে পাউবো।
পাউবো সূত্রে আরও জানা গেছে, প্রকল্পের আওতায় মোট খনন করা হবে প্রায় ৫০ কিলোমিটার নদ-নদী। এর মধ্যে আঠারোবাঁকী অংশের খননকাজ প্রায় শেষের দিকে। ভৈরব অংশের ৭ কিলোমিটার খননকাজ বাকি রয়েছে। এই অংশ খনন করতে গিয়েই বাধার মুখে পড়েছে পাউবো। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৪০ লাখ টাকা।
যে অংশে নদটির খননকাজে বাধা পড়ছে তার একপাশে রূপসা উপজেলার টিএস বাহিরদিয়া ইউনিয়নের কাজদিয়া, সামন্তসেনা ও নেহালপুর গ্রাম এবং অন্যপাশে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রাম।
বাহিরদিয়া ইউনিয়নের নদীপারের গ্রামের লোকজনের দাবি, একসময় মূল নদ প্রবাহিত ছিল আলাইপুর গ্রামের মধ্যে। কিন্তু পরে তাঁদের অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে, আর চর পড়েছে আলাইপুর অংশে। ১৯৩০ সালের সিএস ম্যাপ অনুযায়ী নদটি যেখানে ছিল ওই এলাকায় এখন ঘরবাড়ি তৈরি হয়েছে। পরে নদের পাশে জমি ভাঙতে ভাঙতে তাঁদের অধিকাংশ জমি বিলীন হয়েছে। তাই নদ খননের সময় সিএস ম্যাপ অনুযায়ী খনন করা হলে তাঁদের বাপ-দাদার জমি কিছুটা হলেও রক্ষা পাবে।
আর আলাইপুর অংশের লোকজনের দাবি, আঠারোবাঁকী নদীর খনন এসএ ম্যাপ অনুযায়ী করা হচ্ছে। ওই ম্যাপ অনুসারেই ভৈরব নদ খনন করা হোক। নদের বর্তমান প্রবাহ এসএ ম্যাপ অনুযায়ীই আছে। তা ছাড়া এরপরে প্রকাশিত আরএস ম্যাপেও নদ বর্তমান প্রবাহধারায় রয়েছে।
তাঁদের দাবি, সিএস ম্যাপ অনুযায়ী খনন করা হলে এই পাড়ের বহু লোকের ক্ষতি হবে। তাই যদি সিএস ম্যাপ অনুযায়ী নদ খনন করতে হয়, তাহলে ভুক্তভোগী লোকজনের ক্ষতিপূরণ দিয়েই তা করতে হবে।
সম্প্রতি রূপসা উপজেলার আলাইপুর ও কাজিবাছা এলাকায় গিয়ে দেখা যায়, সিএস ম্যাপ অনুযায়ী নদের মধ্যে এখন গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। অনেক ঘরবাড়িও রয়েছে। ওই ম্যাপ অনুযায়ী নদ খনন করতে হলে এসব ভাঙতে হবে। আর এসএ ম্যাপ অনুযায়ী পাউবো যে সীমানা নির্ধারণ করেছে, তা রয়েছে নদের বর্তমান প্রবহমান সীমানার মধ্যেই।
নদ খননের কাজটি সার্বিক তত্ত্বাবধান করছেন পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নদ-নদী খননের ক্ষেত্রে সিএস বা এসএ যেকোনো একটি ম্যাপ অনুসরণেই করতে হয়। আঠারোবাঁকী অংশে এসএ ম্যাপ অনুযায়ী খনন করা হয়েছে। কিন্তু আলাইপুর সেতুর কাছে এসেই দেখা দিয়েছে বিপত্তি। দুই পারের মানুষের দ্বন্দ্বের কারণে খননকাজ বন্ধ রাখা হয়েছে। দ্বন্দ্ব নিরসনে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু ওই সব বৈঠক থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ কারণে বিষয়টি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁরা যেভাবে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী নদী খনন করা হবে।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, বিষয়টি নিরসনে রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল নকশার খুব বেশি পরিবর্তন না করে এবং লোকজনের কম ক্ষতি করে কীভাবে নদটি খনন করা যায় সেটি বিবেচনা করতে বলা হয়েছে।