জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম বলেছেন, নদীর দুই পারের ৫০ গজ করে জমি নদীর। এ জমি ব্যক্তিমালিকানার হতে পারে না। কেউ নদীর জমি দখল করে রাখতে পারবেন না।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আতাহারুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদীর পাড়ের অনেক জমি অধিগ্রহণ করেছিল। যে উদ্দেশে পাউবো এসব জমি অধিগ্রহণ করেছিল, সেখানে তা না করে অন্য কিছু করে অন্যায় করেছে। আবার সেই জমি অন্যকে ইজারা দিয়ে পাউবো পাপ করেছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। যাঁরা নদীর দুই পাড় অবৈধ দখল করে আছেন, ভালো করে জানেন জমির মালিক তাঁরা নন। তাঁদের অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে।
দেশের ৮০ শতাংশ মামলা হয় জমি ভুল রেকর্ড করার জন্য—মন্তব্য করে আতাহারুল ইসলাম বলেন, ভূমির সঙ্গে জড়িত ব্যক্তিরা বুঝে বা ভুল বুঝে এসব কাজ করেছেন। আর নদীর গতি পরিবর্তনজনিত বিষয়ে অতীতে জেলা প্রশাসক ও ইউএনওরা ঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেই পরিস্থিতি জটিল হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন। তিনি বলেন, নদীর দখল করা জায়গা মুক্ত করতে হবে। পাউবো যেসব জমি ইজারা দিয়েছে, তা বাতিল করতে হবে। ফরিদপুরে কুমার নদ খনন শুরুর আগে নদের সীমানা নির্ধারণ ও নদী গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ নিতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘নদী রক্ষা কমিটি নিয়ে কয়েক মাস কাজ করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি নদী রক্ষার কাজটি সহজ নয়।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ফরিদপুর সদর এলাকায় কুমার নদের জমি অবৈধ দখল করে ৭৫৮টি স্থাপনা নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুজ্জামান, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল্লাহ তালুকদার প্রমুখ।
সভায় জানানো হয়, ২ হাজার ৭২ দশমিক ২৬ বর্গকিলোমিটার আয়তনের ফরিদপুর জেলায় মোট নদী রয়েছে ১১টি। এ নদীগুলোর মোট দৈর্ঘ্য ৪৪৬ দশমিক ৪০ কিলোমিটার।