দুই পালায় আদালতের কার্যক্রম পরিচালনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলাজট কমাতে দুই পালায় আদালতের কার্যক্রম পরিচালনার পরামর্শ দেবে আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। উচ্চ আদালতে দুই পালা চালুর ব্যাপারে প্রয়োজনে সংসদীয় কমিটি আইনের খসড়া প্রণয়ন করতে প্রস্তুত আছে বলেও জানান সুরঞ্জিত। খবর ইউএনবির।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, উচ্চ ও নিম্ন আদালতে ২৬ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু ঝুলে থাকা মামলার তুলনায় বিচারকের সংখ্যা নগণ্য।
সাবেক এই মন্ত্রী বলেন, দুই পালায় আদালতের কার্যক্রম পরিচালনার নজির ভারতের মাদ্রাজ ও পশ্চিমবঙ্গে রয়েছে। তিনি বলেন, নিম্ন আদালতে দুইটি পালায় বিচারকাজ পরিচালনার জন্য আলাদা কোনো আইনের প্রয়োজন হবে না। তবে উচ্চ আদালতে নতুন আইনের প্রয়োজন হবে।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেলের অফিস সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।