দুই পাশ গেছে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ও কয়েক দিনের টানা বৃষ্টিতে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর অংশের ২০ কিলোমিটার এলাকা মাঝখানে উঁচু হয়ে দুই পাশে দেবে গেছে। রয়েছে কয়েক শ খানাখন্দ।
বেহাল ওই সড়কে প্রায়ই বিকল হয়ে যানবাহন আটকে যাচ্ছে। বাড়ছে দুর্ঘটনা ও যানজট। ফলে নাটোর থেকে বগুড়ার দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টারও বেশি সময় লাগছে।
পরিবহন মালিক ও শ্রমিকেরা জানান, ৬০ কিলোমিটার দীর্ঘ নাটোর-বগুড়া মহাসড়কটি রংপুর বিভাগের সঙ্গে দক্ষিণাঞ্চল ও রাজশাহীর অন্যান্য জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম। এর প্রায় ২০ কিলোমিটার এলাকায় রয়েছে কয়েক শ খানাখন্দ।
নাটোরের সিংড়ার পরিবহন শ্রমিক বাদল হোসেন বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে সিংড়া বাসস্ট্যান্ড থেকে চৌগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার সড়ক ছয় ইঞ্চি থেকে দেড় ফুট পর্যন্ত দেবে গেছে। সড়কের মাঝখানে উঁচু হয়ে দুই ধার ঢালু হয়ে গেছে। চলাচলের সময় যানবাহনগুলো ডান-বাঁয়ে হেলে যাচ্ছে। বিশেষ করে পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। প্রায়ই এসব যানবাহনের চাকা বসে যাচ্ছে। ফলে আটকে পড়ছে গাড়ি, বাড়ছে যানজট। গাড়ির গতি কোনোভাবেই ২০ কিলোমিটারের ওপরে ওঠানো যাচ্ছে না।
ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, ‘আমি প্রতিদিন নাটোর থেকে গাড়ি চালিয়ে বগুড়ায় অফিস করি। সড়ক স্বাভাবিক থাকা অবস্থায় নাটোর থেকে বগুড়া শহরে যেতে সর্বোচ্চ দেড় ঘণ্টা সময় লাগত। এখন সেখানে সময় লাগছে তিন ঘণ্টারও বেশি।
স্থানীয় লোকজন জানান, গত রোববার ভোরে চৌগ্রাম এলাকায় ধান ও পাটবোঝাই দুটি ট্রাকের চাকা বসে যায়। পরে মহাসড়ক ও সিংড়া থানা-পুলিশ ছয় ঘণ্টা পর ট্রাক দুটি উদ্ধার করে। এ সময় সড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। গাড়ি দুটি উদ্ধারে বিলম্ব করায় যাত্রীরা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়কে নেমে বিক্ষোভও করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানিউল আলম বলেন, মহাসড়কের চৌগ্রাম এলাকায় প্রায় তিন কিলোমিটার সড়ক বসে গেছে। ফলে এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই সেখানে বাস-ট্রাক আটকা পড়ছে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাস্তা খারাপ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ছয় মাসে সড়কে কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, গত সোমবার সওজ কর্তৃপক্ষ তড়িঘড়ি সড়কে সংস্কারকাজ করেছে। সড়কের ওইসব খানাখন্দে ইট ও বালু ফেলা হয়েছে। সামান্য বৃষ্টিতেই এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে নাটোর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, মালবোঝাই ট্রাক চলাচল ও টানা বৃষ্টির কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি অর্থবছরে মহাসড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সংস্কারকাজ শুরু হবে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে গর্তে ইট-বালু ফেলে সড়কটি মেরামত করা হয়েছে।