মানিকগঞ্জ সদর উপজেলায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এতে সড়কটির প্রশস্তকরণ ও সংস্কারকাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন কার্যকর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা।
এলাকাবাসী ও সদর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে উত্তর মানিকগঞ্জের মানুষের জেলা সদরে যাতায়াতের সুবিধার্থে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কটি নির্মাণ করা হয়। জেলা সদর থেকে দৌলতপুর উপজেলা হয়ে টাঙ্গাইলে যাতায়াতের সহজ পথ এটি। এ ছাড়া সড়কটি সাটুরিয়া উপজেলাবাসীরও জেলা সদরে যাতায়াতেও সহজ পথ। ছয় কিলোমিটার দীর্ঘ ও ২৪ ফুট প্রশস্তের এই সড়কের দুই পাশ দখল করে দোকানপাট, আবাসিক বহুতল ভবন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় প্রশস্ততা কমে দাঁড়িয়েছে ১৮ ফুটের মতো।
এলজিইডি সূত্র জানায়, সম্প্রতি এই সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের জন্য প্রায় আড়াই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ১৮ মার্চ দরপত্র জমাদানের সম্ভাব্য দিনও নির্ধারণ করা হয়েছে। তবে অবৈধ স্থাপনা না সরানোয় কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি নির্মাণের পর কার্যকর কোনো সংস্কার করা হয়নি। এতে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ড্রেনেজব্যবস্থা না থাকায় ও দুই পাশ দখল করে স্থাপনা নির্মাণের কারণে বৃষ্টি হলে পানি আটকে থাকে।
গত বছরের ২০ জুলাই অবৈধ স্থাপনা উচ্ছেদসংক্রান্ত অনুষ্ঠিত এক সভায় অবৈধ দখলদারদের তালিকা ও দখল হয়ে যাওয়া জমির পরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওই বছরের ১৮ আগস্ট এলজিইডি ৮৮ জন অবৈধ দখলদার ও দখল হওয়া জমির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে তালিকা দেয়। এসব অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এলজিইডি একাধিকবার নোটিশও দিয়েছে। কয়েকজন অবৈধ দখলদারের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্যমতে, সড়কের জয়রা, দীঘি, উকিয়ারা, চান্দহর, জয়দেবপট্টি ও পাঞ্জনখাড়া এলাকায় ৮৮ জন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। তবে দখলদারদের অনেকেই অভিযোগ অস্বীকার করেছেন। জয়রা এলাকায় দখলদারদের তালিকায় থাকা মনোয়ার হোসেনের ছেলে মশিউর রহমান জানান, নিজস্ব জমিতেই তাঁদের ভবন নির্মাণ করা হয়েছে। সড়কের জন্য ভবনের সামনে জায়গা রাখা হয়েছে বলে তিনি উল্টো দাবি করেন।
সদর উপজেলা প্রকৌশলী মফিজ উদ্দিন বাবলু জানান, সার্ভেয়ার দিয়ে মেপে অবৈধ দখলদারদের তালিকা ও দখল করা জমির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে। তবু তাঁরা তা মানছেন না।
এলজিইডির মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক মণ্ডল জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নোটিশও করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন প্রস্তুত। যেকোনো সময় ওই সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।