দুই পাশের গাছ পড়ে দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুটি হেলে পড়া গাছ। গত শনিবার সড়কের নূরজাহান চা–বাগান এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুটি হেলে পড়া গাছ। গত শনিবার সড়কের নূরজাহান চা–বাগান এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সাত কিলোমিটার অংশের দুই পাশে থাকা বড় বড় গাছ হেলে পড়েছে। এতে এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত এসব গাছ কেটে না ফেললে ফের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, টানা বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে থাকা অনেক গাছ হেলে পড়েছে। বন বিভাগ বা প্রশাসন গাছগুলো কাটার উদ্যোগ নিচ্ছে না। অথচ দুই মাস আগে এই সড়ক দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে তিন যাত্রী নিহত হয়েছিল।

গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দুই পাশের মাটি ধসে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিভিন্ন স্থানে পড়ে আছে। যানবাহনের চালকেরা রাস্তার মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছেন। অনেক স্থানে ছোট-বড় প্রায় ৮০ থেকে ১০০ ফুট লম্বা ৩০ থেকে ৪০টি গাছ হেলে আছে। টানা বৃষ্টি হলে এসব গাছ সড়কের ওপর পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সিএনজি অটোরিকশাচালক মনির মিয়া ও মাইক্রোবাসচালক জসিম উদ্দীন বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের পাহাড়ি এলাকার সড়কটি ঝুঁকিপূর্ণ। গাড়ি চালানোর সময় তাঁদের সঙ্গে যাত্রীরাও ভয় থাকে, কখন হেলে পড়া গাছ তাদের ওপর পড়ে যায়।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বলেন, বৃষ্টির পর নিয়মিত লাউয়াছড়ায় মাটিধস হয়। আর এ ধসের সময় বড় বড় গাছও উপড়ে পড়ে সড়কের ওপর। তিনি আরও বলেন, বন বিভাগ যদি সড়ক ধারের হেলে পড়া ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলত, তাহলে ভালো হতো।

গত ২৫ এপ্রিল বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি গাছ সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার দুই যাত্রী চম্পা দেব (৩০) ও কেয়া পাল (২৭) ঘটনাস্থলেই নিহত হন এবং চালকসহ তিনজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শ্মরণ ভট্টাচার্য নামের একজন ২৮ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুই নারীর বাড়ি শ্রীমঙ্গল শহরে হলেও তাঁরা কমলগঞ্জে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি করতেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকও জাতীয় উদ্যানের ভেতরের সড়কের পাশে হেলে পড়া গাছ থাকার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করার বিষয়ে তিনি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সহব্যবস্থাপনা বিভাগ) তবিবুর রহমান বলেন, ইতিমধ্যেই বেশ কিছু হেলে থাকা গাছ কেটে ফেলা হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে কেটে ফেলা হবে। তিনি আরও বলেন, জাতীয় উদ্যানের ভেতরের রেলপথের ধারেও অনেক গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।