দুই পাশের সবুজের সমারোহ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সবুজের সমারোহ আর নেই। রাস্তার দুই পাশে থাকা ১০ বছর বয়সের কয়েক হাজার শিশুগাছ হঠাৎ করেই মারা গেছে৷ মারা যাওয়া গাছগুলো চুরি হয়ে যাচ্ছে।

উদ্ভিদ গবেষকেরা জানিয়েছেন, মড়ক দেখা দেওয়ায় গাছগুলো মারা গেছে। পরিকল্পনা অনুযায়ী রোপণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হবিগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, প্রায় ১০ বছর আগে সওজের প্রধান বৃক্ষ পালনবিদের তত্ত্বাবধানে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের দুই পাশে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় কয়েক হাজার শিশুগাছ রোপণ করা হয়। গাছগুলো কয়েক বছরে বেশ খানিকটা বেড়ে উঠলে মহাসড়কের দুই পাশ সবুজে ভরে ওঠে।

সূত্র জানায়, গত শীত মৌসুমে গাছগুলোর সব পাতা ঝরে যায়। চৈত্র মাসে বৃষ্টির পরও নতুন পাতা না গজানোয় গাছগুলো মারা যাওয়ার বিষয়টি সবার নজরে পড়ে।

সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা গেছে, হবিগঞ্জ শহরতলির আতুকুড়া থেকে রত্না সেতু পর্যন্ত রাস্তার দুই পাশের সব শিশুগাছ মারা গেছে।

এলাকাবাসী জানান, এলাকার একটি চক্র রাতে মৃত গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। রফিক মিয়া নামের এক ব্যক্তি জানান, এ শিশুগাছের কাঠ বেশ মজবুত। এ কারণে প্রতিদিনই গাছ চুরি হচ্ছে।

জানতে চাইলে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সুভাষ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে দেশের অনেক জায়গায় শিশুগাছে মড়ক দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এখানেও দেখা দিয়েছে। জলবাযু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং দূষণের কারণে সিউডোমোনাস নামের ব্যাকটেরিয়ার পাশাপাশি ফিউজারিয়াম নামের একধরনের ছত্রাক গাছগুলোতে আক্রমণ করে।

সুভাষ চন্দ্র দেব বলেন, এ ধরনের শিশুগাছ রোপণের উপযুক্ত জায়গা রাস্তার পাশের জলাধার বা কাদাযুক্ত মাটি। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ ধরনের গাছ রোপণ না করে জারুল, কড়ই, নিম, করচ, মিঞ্জিরি, ছাতিম বা মেহগনিগাছ রোপণ করলেই ভালো হতো।

বন বিভাগের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. সাজ্জাদুজ্জমান বলেন, ‘এ ধরনের শিশুগাছ রোপণের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি। তার পরও সড়ক বিভাগ কেন এ গাছ লাগাল বুঝে উঠতে পারছি না।’

সওজের হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই সময়ে গাছগুলো রোপণ করা ঠিক ছিল। কিন্তু সময়ের পরিবর্তন ঘটেছে। গাছগুলো কাটার জন্য তাঁরা বর্তমানে বন বিভাগের জরিপের অপেক্ষায় রয়েছেন।