দুই পাড়ে যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকুরা পরিবহনের একটি বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়ে। পরদিন সকাল ১০টার দিকে বাসটি ফেরিতে ওঠার সিরিয়াল পায়। এতে দীর্ঘ সাত ঘণ্টা ওই বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া ঘাটে এসে সাকুরা পরিবহনের এ বাসের মতো প্রতিদিন অনেক বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পথে ফেরির সংকট ও ট্রাফিক ব্যবস্থায় অনিয়মের কারণে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। এতে ট্রাকের চালকদেরও সমস্যা হচ্ছে। গত শুক্রবারও দুই পাড়ে নয় শতাধিক যানবাহন আটকে ছিল। গতকাল শনিবারও দুই পাড়ে যানজট ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, এ পথের আটটি রোরো ফেরির মধ্যে বড় ফেরি আমানত শাহ যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন বন্ধ রয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাকি পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে একদিকে ফেরির সংকট ও অন্যদিকে ট্রাফিক ব্যবস্থায় অনিয়মের কারণে উভয় পারে যানবাহন আটকে থাকছে। এতে গত বৃহস্পতিবার থেকে যানজট শুরু হয়।বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অভিযোগ করে, যানজটের সময় সাধারণত অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পণ্যবোঝাই ট্রাকগুলোকে ফেরিতে উঠতে দেওয়া এবং পণ্যবাহী অন্য গাড়িগুলো টার্মিনালে রাখার কথা। কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা লোকজন পণ্যবাহী গাড়িগুলোকে সিরিয়ালে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেনশনিবার সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফেরিঘাটের প্রবেশমুখ থেকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ক্যানেল ঘাট পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়। এ সময় দৌলতদিয়া ঘাটে চার শতাধিক যানবাহন আটকে ছিল।ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব পাওয়া দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ওয়াহেদুজ্জামান অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিয়মমাফিক গুরুত্বপূর্ণ যানবাহনগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পার করার পর সাধারণ গাড়িগুলো রাখা হয়। এ ছাড়া নতুন কোনো সাধারণ পণ্যের গাড়ি এলে সেগুলো অবশ্যই টার্মিনালে রাখা হচ্ছে।