দুই পিপিকে ৪ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ
একটি হত্যা মামলায় ১০ বছরেও সাক্ষ্য উপস্থাপন না হওয়ায় ব্যাখ্যা জানাতে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট অতিরিক্ত পিপি (সরকারি কৌঁসুলি) দেওয়ান মহিউদ্দিনকে ৪ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁকে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
একই দিন ঢাকা মহানগরের পিপি আবদুল্লাহ আবুকেও আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।
১৯৯৯ সালের ৩০ মে মতিঝিলে একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত শামীম সোবহান খুন হন। ওই ঘটনায় তাঁর ছোট ভাই সাইদুল মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলায় ২০০২ সালের ২৫ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৩ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি মামলা বাতিল চেয়ে আবেদন করেন এক আসামি। ওই আবেদনের ওপর শুনানিকালে আদালত এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ মো. সিরাজ।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মোহাম্মদ মামুন অর রশীদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দাখিলের ৩২০ দিনের মধ্যে সাক্ষ্য শেষ করতে হয়। দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও এ মামলায় কোনো সাক্ষ্য উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট অতিরিক্ত পিপি দেওয়ান মহিউদ্দিনকে ৪ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। একই দিন ঢাকা মহানগরের পিপি আবদুল্লাহ আবুকেও আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।