কুড়িগ্রামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশের (ডিবি) এক চরসহ (সোর্স) তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রেজাউল করিম সরকার গতকাল রোববার দুপুরে এ আদেশ দেন। এই মামলার অপর এক আসামি এখনো পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল গফুর বলেন, আদালত ওই তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে পুলিশ সদস্য আতিকুজ্জামানের এক দিন এবং পুলিশ সদস্য মামুনুর রশিদ ও গোয়েন্দা পুলিশের চর মনু মেকারকে দুই দিন করে রিমান্ড দেওয়া হয়।
রৌমারী উপজেলায় বেসরকারি সংস্থার কর্মকর্তা মাইদুল ইসলামকে গত ৩০ এপ্রিল অপহরণ করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন আসামিরা।
কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।