দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাওনা টাকা আদায়ের মামলা করে পুলিশের রোষানলে পড়েছেন আবদুল হালিম নামের এক ব্যক্তি। গত মঙ্গলবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে তিনি এ অভিযোগ করেন।
পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) জাফর হোসেনের বিরুদ্ধে তাঁকে থানায় আটকে নির্যাতনের অভিযোগ করেন আবদুল হালিম।
এরপরই এসআই জাফরসহ দুই পুলিশ কর্মকর্তাকে ২৯ নভেম্বর সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে আবদুল হালিমকে পুলিশ যেন হয়রানি করতে না পারে সে জন্য জয়পুরহাট পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেন আদালত। তবে জাফর হোসেন সব অভিযোগ অস্বীকার করেছেন।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচবিবির গণেশপুর গ্রামের আবদুল হালিমকে সিঙ্গাপুরে পাঠানোর আশ্বাস দিয়ে পূর্বপরিচিত বাবু কাজী ৮ লাখ ৯২ হাজার ৭০০ টাকা নেন। বাবু কাজী নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ কালনা গ্রামের বাসিন্দা। কিন্তু সিঙ্গাপুরে পাঠাতে না পারায় বাবু কাজী ওই টাকার ফেরত দেওয়ার নামে আবুদল হালিমকে একটি চেক দেন। গত ২২ ফেব্রুয়ারি আবদুল হালিম চেকটি ব্যাংকে জমা দিলে প্রয়োজনীয় টাকা না থাকায় সেটি ফেরত আসে। তখন আবদুল হালিম জয়পুরহাট আমলি আদালতে বাবু কাজীর বিরুদ্ধে মামলা করেন।
আবদুল হালিম তাঁর জবানবন্দিতে বলেন, এসআই জাফর ও বাবু কাজী একই এলাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয়। বাবুর বিরুদ্ধে মামলা করায় এসআই জাফর গত ২৮ অক্টোবর তাঁকে ধরে নিয়ে থানায় তিন দিন আটকে রেখে মারপিট ও তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেন।
পরে ৩১ অক্টোবর জয়পুরহাট নোটারি পাবলিকের কাছে নিয়ে বাবু কাজীর সঙ্গে আপস হয়েছে এবং ‘কোনো পাওনা নাই’ মর্মে অ্যাফিডেভিটে তাঁর স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দেন। এ ছাড়া বাবুর দেওয়া চেকটি এসআই জাফর তাঁর সহকর্মী এসআই শাহ আলমের কাছে জমা রাখেন। এদিকে বাবু কাজী কারাগারে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
এসআই জাফর হোসেন মুঠোফোনে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আদালতের কারণ দর্শানোর কোনো নোটিশ তিনি এখনো পাননি।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল ওই দুই পুলিশ কর্মকর্তাকে দর্শানোর নির্দেশ দাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।