দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। ফাইল ছবি
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। ফাইল ছবি

পুলিশের হামলার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হলসহ আরও ১০টি হল উদ্ধারের দাবিতে একসঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা হামলায় জড়িত পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এরই প্রতিবাদে আজকে ওই বিক্ষোভ সমাবেশ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিতে আসেন শিক্ষকেরা। সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকা-৬ আসনের সাংসদ ফিরোজ রশিদ ও ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান। বেলা একটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিত না করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে সরকার। এতে প্রতিষ্ঠার পর থেকে মানবেতর জীবনযাপন করেছেন শিক্ষার্থীরা। বেদখলে থাকা হলগুলো উদ্ধার না করে বিভিন্ন আইন দেখাচ্ছে প্রশাসন।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আজকের সমাবেশে শাখা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা বক্তব্য দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি আদায়ে সব সময় পাশে থাকবেন তারা।
শিক্ষক সমিতির সমাবেশ
বেলা ১১টার দিকে পৃথক সমাবেশে শিক্ষক সমিতির সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত থাকার পরও পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহার করেনি সরকার। তাই বেদখলে থাকা হল উদ্ধারসহ পুলিশের ওই দুই কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির আজকের সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থিত নীল দল ও বিএনপি-সমর্থিত সাদা দলের শিক্ষকেরা বক্তব্য দিয়েছেন। আর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে কাল বুধবার সকাল ১০টায় সাধারণ সভা করবে শিক্ষক সমিতি।’
পুলিশি হামলার প্রতিবাদ, বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হলসহ ১০টি ছাত্রাবাস উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব ও কদম ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।