দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব মহিলা লীগের কর্মী শাহীন সুলতানা ওরফে শান্তা তাঁর দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তিনি ২০০৬ সালে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন। ওই মামলাটি আদালতে খারিজ হওয়ায় তিনি এর বিরুদ্ধে জজ আদালতে রিভিশন মামলা করেন। গতকাল মঙ্গলবার ঢাকার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন সুলতানা জানান, ২০০৬ সালের ১২ মার্চ চারদলীয় জোট সরকারবিরোধী ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সময় তত্কালীন দুই উপকমিশনারের নেতৃত্বে পুলিশ ধানমন্ডি ২৭ নম্বর সড়কে তাঁকে বেধড়ক মারধর করে। ওই ঘটনায় তিনি বাদী হয়ে দুই কর্মকর্তাসহ ২৫ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। কিন্তু আদালত মামলা খারিজ করে দেন।