দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চার হত্যাকাণ্ডের ঘটনায় আটক শামীম রেজা পুলিশের নির্যাতনেই মারা গেছেন বলে আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রীসহ চার হত্যাকাণ্ডের ঘটনায় শামীম রেজাকে আটক করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত গত বুধবার পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ১৯ এপ্রিল রাতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম, শামীমার ছোট ভাই রানা ইসলাম, বাড়ির দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তারকে জবাই করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় ইউনিয়নের প্রতাপনগর গ্রামের বাসিন্দা শামীম রেজাকে পুলিশ আটক করে। পাঁচ দিন পর পুলিশ হেফাজতে তিনি মারা যান।
শামীম রেজার মৃত্যুতে তাঁর স্ত্রী সাবেকুন নাহার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত বছরের ১৬ জুন ও ২৩ জুলাই দুটি মামলা করেন। এতে তিনি তাঁর স্বামীর মৃত্যুর জন্য নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উত্তম প্রসাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষকে দায়ী করেন।
মামলায় সাবেকুন নাহার দাবি করেন, পুলিশ তাদের চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে শামীম রেজাকে হত্যা করেছে।
আদালতের নির্দেশে সিআইডি মামলার তদন্ত করে। আট মাস পর গত বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। এতে পুলিশের নির্যাতনেই শামীম রেজার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
এতে অরূপ তরফদার ও পল্টু ঘোষ জড়িত ছিলেন। আতিকুর রহমান ও উত্তম প্রসাদ সরাসরি জড়িত ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করাসহ এই দুজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
বুধবার সকালে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সন্ধ্যায় আদালত অরূপ তরফদার ও পল্টু ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শামীম রেজার মৃত্যুর পর অরূপ তরফদার, পল্টু ঘোষ ও উত্তম প্রসাদকে ওই পুলিশ লাইন থেকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া আতিকুর রহমানকে সম্প্রতি সোনারগাঁ থানা থেকে বদলি করা হয়।