শরীয়তপুরে কিশোরী হেনা আক্তার হত্যা মামলা নথিভুক্ত করতে ও সুরতহাল প্রতিবেদন করিতে গাফিলতির অভিযোগে অবশেষে নড়িয়া থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশের ২৪ দিন পর গতকাল সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে শরীয়তপুর জেলা পুলিশ। জানা যায়, নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনাকে ধর্ষণের পর সালিস বৈঠকে দোররা মারা হয়। গত ৩১ জানুয়ারি হেনার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করতে গেলে নড়িয়া থানার পরিদর্শক মীর্জা এ কে আজাদ বাদীকে এজাহারের কথা না শুনিয়ে টিপসই নেন বলে হেনার বাবা অভিযোগ করেন। এজাহারে হেনাকে ধর্ষণ করার অভিযোগও এড়িয়ে যায় পুলিশ। আর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন মোল্যা হেনার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাননি বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন। পরে হাইকোর্টের নির্দেশে হেনার লাশের পুনরায় ময়নাতদন্ত হলে হেনার শরীরের ১৬টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নড়িয়া থানার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন এবং তাঁদের বিরুদ্ধে কী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৫ দিনের মধ্যে জানাতে বলেন। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান জানান, হেনা হত্যার ঘটনায় এজাহার নথিভুক্তি ও সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ কর্মকর্তা মীর্জা এ কে আজাদ ও আসলাম উদ্দিন কোনো অনিয়ম বা গাফিলতি করেছিলেন কি না, তা তদন্ত করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাল বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য গতকালই সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) তালেবুর রহমান, সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবুল হাসনাত খান ও পরিদর্শক গোয়েন্দা শাখা (ডিবি) মতিউর রহমানের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে।কমিটির সদস্যরা গতকাল বেলা তিনটার দিকে চামটা গ্রামে হেনাদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এখনো ১১ আসামি গ্রেপ্তার হয়নি: হেনা হত্যার ঘটনায় করা দুটি মামলার ১৮ আসামির মধ্যে গতকাল পর্যন্ত ১১ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পলাতক আসামিরা হলেন জাহানারা বেগম, মোর্শেদা বেগম, আক্কাস মীর মালত, ইয়াছিন মীর মালত, দীল মোহাম্মদ মীর মালত, আবদুল হাই মীর মালত, সাইফুল ইসলাম, মনিমালা বেগম, রবিউল খান, হাসান মীর মালত ও জামাল সিকদার। পুলিশ সুপার জানান, পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।জামিন নামঞ্জুর: হেনা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাত আসামিকে গতকাল জেলার বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এর মধ্যে শুধু আসামি মফিজ উদ্দিনের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শামসুজ্জামান সেকান্দার। বিচারিক হাকিম উৎপল ভট্টাচার্য জামিন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ২৯ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।