দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের অভিযোগে রামপুরা থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পারভেজ নামে ঢাকার আদালতের একজন কর্মচারী গতকাল বুধবার বাদী হয়ে এ মামলা করেন।
পারভেজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের জারিকারক। ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার বিকেলে উপপরিদর্শক মনিরুজ্জামান ফোন করে রাত আটটার দিকে পারভেজকে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে আসতে বলেন। তাঁর কথা অনুযায়ী পারভেজ সেখানে উপস্থিত হওয়ামাত্র মনিরুজ্জামানের নির্দেশে কনস্টেবল বাহারুল তাঁর হাতে হাতকড়া পরান। তাঁর মুঠোফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র কেড়ে নেন। পিকআপে তুলে শহরের বিভিন্ন জায়গায় তাঁকে ঘোরানো হয়। পরে রাত ১২টার দিকে মনিরুজ্জামান তাঁকে পরিদর্শক মোস্তাফিজুর রহমানের কক্ষে নিয়ে যান। এ সময় পারভেজের কাছে থাকা আদালতের সমনের কাগজপত্র দেখে পরিদর্শক মোস্তাফিজুর বলেন, ‘এই কাগজ তোর (পারভেজ) কাছে কেন? এটা তো পুলিশের কাছে থাকার কথা। জবাবে পারভেজ বলেন, সমন জারি করা তাঁর দায়িত্ব।’ এ কথা বলার পর মুস্তাফিজুর ও মনিরুজ্জামান তাঁকে বেধড়ক পেটান। পরে সারারাত তাঁকে থানায় আটক রাখা হয়। এ খবর পেয়ে আদালতের কর্মচারীরা গতকাল সকালে থানায় হাজির হয়ে পারভেজকে ছাড়িয়ে আনেন। সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পুলিশ পারভেজকে ছেড়ে দেয়। পরে আদালতের কর্মচারীরা তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে পরিদর্শক মুস্তাফিজুর রহমান ও উপপরিদর্শক মনিরুজ্জামানের বক্তব্য জানতে চেয়ে গতকাল রাতে তাঁদের মুঠোফোনে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আদালতে মামলা হয়েছে শুনেছি। তবে মামলার ব্যাপারে কোনো মন্তব্য নেই।’