যশোরে এক যুবককে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রথম আলোকে সংবাদের সত্যতা প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি প্রতিবেদন দুটি দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
যশোরে এক যুবককে ঘুষ না পেয়ে ঝুলিয়ে পেটানোর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। একই বিষয়ে ‘টাকার জন্য পুলিশের কেমন নির্যাতন’ শিরোনামে ৬ জানুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৮ জানুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। একই সঙ্গে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাদিবুর রহমানকে ২৫ জানুয়ারি সশরীরে হাজির হয়ে লিখিত আকারে বক্তব্য দাখিল করতে বলেন। ওই যুবক সাঈদকেও এদিন আদালতে হাজির হতে বলা হয়। এ ছাড়া ওই ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গতকাল দুই পুলিশ কর্মকর্তা ও সাঈদ আদালতে হাজির হন এবং বক্তব্য দেন। পুলিশ সুপারের প্রতিবেদনও দাখিল করা হয়। তবে প্রতিবেদনটি যথাযথ আকারে না দেওয়ায় তা আবার দাখিল করতে বলা হয়েছে। আবু সাঈদের লিখিত বক্তব্যের বিষয়ে আদেশে বলা হয়, যদিও ভিকটিম সাঈদকে শুধু সশরীরে উপস্থিত হতে বলা হয়েছিল, কিন্তু তিনি আইনজীবী নিয়োগ করে পুলিশের পক্ষে সাফাই গেয়ে আদালতে হলফনামা আকারে বক্তব্য দাখিল করেছেন। বক্তব্য শেষে আদালত দুই পুলিশ কর্মকর্তা ও সাঈদকে ব্যক্তিগত হাজিরা থেকে আপাতত অব্যাহতি দেন। এর আগে দুই পুলিশ কর্মকর্তা ও সাঈদ শুনানিতে খবরে আসা অভিযোগ অস্বীকার করেন।
আদালতে পুলিশ সুপারের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও আফতাব উদ্দিন ছিদ্দিকী। সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন।