গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত শনিবার রাতে পুলিশের হাত থেকে এক আসামি পালিয়ে গেছেন। তাঁর নাম দেলোয়ার হোসেন (২৩)। গাজীপুর জেলহাজত থেকে থানায় আনার পথে কৌশলে পালিয়ে যান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের দণ্ড পাওয়া ওই আসামির নাম দেলোয়ার। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াকৈরের বলিয়াদি বাজার এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন উপজেলার আটাবহ ইউনিয়নের ভাতাড়িয়া এলাকার নাসির হোসেনের ছেলে লিটন মিয়া (২৪) ও একই এলাকার ইয়ার উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)। পরদিন শনিবার বিকেলে তাঁদের কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।
সূত্রটি আরও জানায়, এরপর পুলিশের দুই সদস্য হাতকড়া পরিয়ে তাঁদের গাজীপুর জেলহাজতে নেন। কিন্তু কাগজপত্রে ত্রুটি থাকায় আসামিদের আবার থানায় ফেরত পাঠানো হয়। জয়দেবপুর থেকে কালিয়াকৈর নেওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে আসামি দোলোয়ার কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালান। গতকাল রোববারও পুলিশ তাঁকে আর গ্রেপ্তার করতে পারেনি।
গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ বলেন, আসামির সঙ্গে থাকা পুলিশের দুই সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।