দুই পুলিশ সদস্যসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের মামলার আসামি বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যসহ তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিরা হলেন: সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল খান এ আলম ও পুলিশের সোর্স আল আমিন। দুই পুলিশ সদস্য নগরের কোতোয়ালি এনায়েতবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানার একটি সোনার বার ছিনতাইয়ের মামলায় পুলিশ সদস্যসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার সন্ধ্যায় জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধ্যে কারাগার থেকে থানায় আনা হবে।
গত ২১ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানার লাভ লেন এলাকায় দোলন বিশ্বাস নামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে র‍্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ১০২ ভরি ওজনের আটটি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত করে পুলিশের দুই সদস্যসহ তিনজনকে প্রাথমিকভাবে শনাক্ত করে পুলিশ। ১৫ সেপ্টেম্বর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।