যশোরের বাঘারপাড়া উপজেলায় সাড়ে ১২ কেজি সোনার বার বহনকারী প্রাইভেট কার ছিনতাইয়ের মামলায় পুলিশের দুজন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একজন সদস্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কার্যালয়ের উপপরিদর্শক আবুল খায়ের মোল্লা গত মঙ্গলবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার ১৩ দিনের মাথায় এ অভিযোগপত্র দেওয়া হলো।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা থানার পুলিশের সদস্য (কনস্টেবল) শেখ মিজানুর রহমান, পাবনার সুজানগর থানার কনস্টেবল মোল্লা মোহাম্মাদ রুবায়েত ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাতক্ষীরা কার্যালয়ের ওয়াচার লিপ্টন মিয়া। অন্যজন হলেন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মোমিন উদ্দিন।
অভিযোগপত্রে পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিন সদস্যকে পলাতক দেখানো হয়েছে। আর মোমিন উদ্দীন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তিনি গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ইতিমধ্যে যশোর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের আটককৃত মোমিনের বরাত দিয়ে বলেন, এনএসআই সদস্য লিপ্টন ছিনতাইয়ের আগের দিন ১ সেপ্টেম্বর তাঁকে গোপালগঞ্জের কাশিয়ানী নিয়ে যান। তাঁদের সঙ্গে আরও একজন এনএসআই সদস্য ছিলেন। রাতে তাঁরা কাশিয়ানীর একটি হোটেলে থাকেন। সেখানে লিপ্টন তাঁকে বলেন, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ সোনা আসছে। তাঁরা রাতে কাশিয়ানী থেকে রওনা দেন। প্রাইভেট কারটি যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ভিটেবল্লায় পৌঁছালে কনস্টেবল মিজান ও রুবায়েতসহ অন্যরা পুলিশ পরিচয় দিয়ে সেটির গতিরোধ করেন। এরপর গাড়ির মালিক তৌহিদুর রহমান ও তাঁর চালককে হাতকড়া পরিয়ে পেছনের সিটে বসিয়ে রাখা হয়। মিজান গাড়ির নিয়ন্ত্রণ নেন। এ সময় সোনার কথা জানতে চাইলে ওই দুজন অস্বীকার করেন। তখন তাঁদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাস্তায় বাঘারপাড়া থানার পুলিশ গাড়ি থামানোর সংকেত দিলে সবাই পালিয়ে যান। আর কনস্টেবল মিজান পুলিশের হাতে ধরা পড়েন। গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পরদিন সকালে আটক হওয়া মিজান বাঘারপাড়া থানার ভেতর থেকে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনসহ তিনজনকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, ২ সেপ্টেম্বরের ওই ঘটনার পর খুলনা কাস্টমস ঘাট এলাকার তৌহিদুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় ছিনতাই চেষ্টার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করেন। ঘটনার দুই দিন পর ছিনতাইয়ের আলামত হিসেবে বাঘারপাড়া থানায় রাখা গাড়ির ভেতরে ১১টি প্যাকেটে ১১০টি সোনার বার উদ্ধার করা হয়। এ দিনই থানার উপপরিদর্শক (এসআই) সামেদুল হক বাদী হয়ে তৌহিদুর রহমানসহ দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে চোরাচালানের মামলা করেন।