দুই পুলিশসহ তিনজন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের মামলার আসামি বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যসহ তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল খান এ আলম ও পুলিশের সোর্স আল আমিন। দুই পুলিশ সদস্য নগরের কোতোয়ালি এনায়েতবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, সোনার বার ছিনতাইয়ের মামলায় পুলিশ সদস্যসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করতে শিগগিরই কারাগার থেকে থানায় আনা হবে।
গত ২১ সেপ্টেম্বর নগরের লাভ লেন এলাকায় জুয়েলারি দোকানের মালিক দোলন বিশ্বাসের কাছ থেকে র্যা ব ও ডিবি পরিচয়ে ১০২ ভরি ওজনের আটটি সোনার বার ছিনতাই করা হয়। এ ঘটনার পরদিন তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত করে পুলিশের দুই সদস্যসহ তিনজনকে প্রাথমিকভাবে শনাক্ত করে পুলিশ। ১৫ সেপ্টেম্বর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।